২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরে ‘মৃত’ শামীম ফিরে পেয়েছে স্বজনদের

ঘূর্ণিঝড় সিডরে হারিয়ে যাওয়া মৃতের তালিকাভুক্ত এক কিশোরের সন্ধান মিলেছে চার বছর পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

বাগেরহাট, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে হারিয়ে যাওয়া মৃতের তালিকাভুক্ত এক কিশোরের সন্ধান মিলেছে চার বছর পর। বৃহস্পতিবার শামীম (১৭) নামে এই কিশোরকে তার বাবা খলিলুর রহমান ও মামা মো. সরদার নজরুল ইসলাম শনাক্ত করে মোরেলগঞ্জ থেকে বাড়ি নিয়ে যান। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের জানখালী গ্রামে। শামীমের বাবা জানান, ২০০৭ এর ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর বাগেরহাটের উপকূলে আঘাত হানার সময় তার সঙ্গে শামীম সুন্দরবনের দুবলার চর এলাকায় মাছ ধরতে গিয়েছিল। তখন শামীমের বয়স ১৩ বছর। ঝড়ের পর খলিলুর রহমানের ট্রলারে থাকা সাত জেলে ফিরে এলেও শামীমের খোঁজ মেলেনি। এর প্রায় চার বছর পর আরেকজনের তুলে আনা ছবি দেখে শামীমকে চিনতে পারেন তিনি। খলিলুর রহমান জানান, সিডরের পর পিরোজপুরের মটবাড়িয়া উপজেলা প্রশাসনের করা মৃতের তালিকায় তার ছেলের নাম ছিল। ছেলের মৃত্যুর কারণে তিনি তিন দফায় প্রশাসনের কাছ থেকে সাড়ে ১৮ হাজার টাকাও পেয়েছেন। চার বছর পর স্বজনদের ফিরে ফেলেও বাবা ছাড়া কাউকেই চিনতে পারছে না শামীম। পরিবারের সদস্যরা জানিয়েছে, তার কোনো কথাও মনে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১৪৮ ঘ.