২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছেলে না থাকলে সম্পত্তিতে মেয়ের পূর্ণ অধিকার থাকা উচিত’

মুসলিম উত্তরাধিকার হিসেবে ছেলে না থাকলে সম্পত্তিতে মেয়ের পূর্ণ অধিকার থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- মুসলিম উত্তরাধিকার হিসেবে ছেলে না থাকলে সম্পত্তিতে মেয়ের পূর্ণ অধিকার থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেছেন, “সম্পত্তিতে পুত্র সন্তানের অবর্তমানে কন্যা সন্তানের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৪ ধারায় নতুন বিধান যুক্ত করে আইনটি সংশোধন করা যেতে পারে। এ ব্যাপারে সরকার কাজ করছে।” বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘পুত্র সন্তানের অবর্তমানে উত্তরাধিকার সম্পত্তিতে কন্যা সন্তানের পূর্ণ অধিকার’ শীর্ষক সেমিনারে আইনমন্ত্রী একথা বলেন। তবে ওই আইন সংশোধনের আগে আলেম সমাজের মতামতের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন ব্যারিস্টার শফিক। “আইন কমিশন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় এ বিষয়ে তাদের মতামত নেওয়া হবে।” ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো আইন সরকার করবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, “সবার জন্য মঙ্গলকর হলেই সরকার আইনের পরিবর্তন বা সংশোধন করবে।” বাংলাদেশে বর্তমানে এ বিষয়ে প্রচলিত ১৯৬১ সালের আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, “ওই আইনটি হওয়ার আগে শরিয়া আইন অনুযায়ী কোনো ব্যক্তির দুই ছেলে থাকলে এবং তাদের একজন মারা গেলে মৃত ব্যক্তির সন্তান কন্যা হলে সে সম্পত্তির অংশ পেত না। আইন হওয়ার পর একটা অংশ পায়।” সেমিনারে উত্তরাধিকার সম্পত্তিতে ছেলে সন্তানের অবর্তমানে মেয়ে সন্তানের পূর্ণ অধিকার বিষয়ে আইন কমিশনের সুপারিশ তুলে ধরেন অ্যাডভোকেট তৌহিদা খন্দকার। সুপারিশে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৪ ধারায় উত্তরাধিকার সংক্রান্ত বিধি সংযোজনের কথা উল্লেখ করা হয়। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন সংশোধন করে পুত্র সন্তানের অবর্তমানে উত্তরাধিকার সম্পত্তিতে কন্যা সন্তানের পূর্ণ অধিকার নিশ্চিত করা হলে তা জাতিসংঘের কাছে দেওয়া কন্যা সন্তানের অধিকার বাস্তবায়নে অঙ্গীকার পূরণ হবে।” এডাবের চেয়ারপার্সন রোকেয়া কবীরের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে আইন কমিশনের চেয়ারম্যান ড. এম শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক ড. রিদওয়ানুল হক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, অধ্যাপক অজয় রায় প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/পিসি/এএইচ/২১৩৯ ঘ.