২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে গুরুত্ব সন্ত্রাস দমনে

সন্ত্রাস ও জলদস্যুতা দমনে দুই দেশ কীভাবে একত্রে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও জলদস্যুতা দমনে দুই দেশ কীভাবে একত্রে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে দিনব্যাপী সংলাপ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, “আমরা উপকূল রক্ষা বাহিনীর কার্যক্রম নিয়েও আলোচনা করেছি।” পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল সংলাপে ২১ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক সহকারী সেক্রেটারি অ্যান্ড্রু জে শাপিরো তার দেশের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এ সংলাপ শান্তিরক্ষা, যৌথ সামরিক মহড়া ও বিনিময়, সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়াবে। “এ সংলাপে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ যে সব বিষয় নিয়ে মত বিনিময় হয়েছে তাতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের গভীরতা ও শক্তির প্রতিফলন ঘটেছে। পাশাপাশি এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য উভয়পক্ষের প্রতিশ্রুতি এসেছে।” এ সংলাপের মাধ্যমে বড় পরিসরে রাজনৈতিক-সামরিক বিষয়গুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক বিস্তৃত ও জোরদার হবে- বলা হয় যুক্তরাষ্ট্র দূতাবাসের বিজ্ঞপ্তিতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে বিস্তৃত পরিসরে পারস্পরিক সহযোগিতার আশা নিয়ে সংলাপ শেষ হয়। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশা করা হয় সংলাপে। সংলাপে অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদস্যরা ছিলেন বলে ওই বিবৃতিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১৪৩ ঘ.