২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহপাঠিনীকে ঢাবি ছাত্রের ছুরিকাঘাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সহপাঠীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক শিক্ষার্থী। ঘটনার পর ছুরিকাঘাতকারী ওই ছাত্র থানায় আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সহপাঠীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক শিক্ষার্থী। ঘটনার পর ছুরিকাঘাতকারী ওই ছাত্র থানায় আত্মসমর্পণ করেছেন। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র ইকরামুল ইসলাম মাহফুজের ছুরিকাঘাতে আহত সহপাঠিনী শারমিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারমিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মিডটার্ম পরীক্ষা শেষে হল থেকে বের হলে মাহফুজ তাকে সেমিনার লাইব্রেরির সামনে ডেকে নিয়ে যায়। সেখানে বিভিন্ন কথাবার্তার এক পর্যায়ে মাহফুজ তাকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে অন্য সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। শারমিন শামসুন্নাহার হলের ৩৩৮ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, শারমিনের পেট ও বাম পাঁজরে ছুরির ক্ষত রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। সন্ধ্যার দিকে মাহফুজ শাহবাগ থানায় আত্মসমর্পণ করেছে বলে ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। থানা হেফাজতে মাহফুজ দাবি করে বলেন, “আমি শারমিনকে ছুরি মারতে চাইনি। শুধু তার সামনে নিজের হাত কেটে ভালাবাসার গভীরতা দেখাতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়ায় কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না।” এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/প্রতিনিধি/এএইচ/এএল/২১১৮ ঘ.