বগুড়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় পৃথক ঘটনায় হত্যা মামলার আসামিসহ দুই জন খুন হয়েছেন।
নিহতরা হলেন- বগুড়া সদরের ছোট কুমিড়ার লেদ শ্রমিক আব্দুর রহমান (২৪) ও বগুড়া শহরের চকলোকমান বিহারী পাড়ার আব্দুল মান্নান (২৭)।
বগুড়া সদর থানার ওসি একেএম খালেকুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিহারী কলোনি এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন যুবক মান্নানকে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত মান্নানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই এলাকার মামুন হত্যা মামলার অন্যতম আসামি মান্নান স¤প্রতি জামিনে জেল থেকে মুক্তি পায় বলে জানান ওসি।
অপরদিকে বুধবার রাত ১০টার দিকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আব্দুর রহমান। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
নিহত আব্দুর রহমান পেশায় একজন লেদ শ্রমিক। পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করেছে বলে পুলিশের ধারণা।
দুটি হত্যাকাণ্ডের মধ্যে আব্দুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, “দুটি হত্যাকাণ্ডেরই তদন্ত চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২০৩৭ ঘ.
bdnews24