২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকসহ সেই ৩ জনের সম্পদের হিসাবে দুদক

রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় সহকারীসহ সংশ্লিষ্ট তিন জনের সম্পদের হিসাব চাইবে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় সহকারীসহ সংশ্লিষ্ট তিন জনের সম্পদের হিসাব চাইবে দুর্নীতি দমন কমিশন। সহকারী ওমর ফারুক তালুকদার, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধা ও জিআরপির ঢাকার কমান্ড্যান্ট এনামুল হককে জিজ্ঞাসাবাদের পরদিনই (বৃহস্পতিবার) তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিল দুদক। দুদক কমিশনার মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী রোববার তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিস দেওয়া হবে। আগের দিন ওই তিন ব্যক্তি কমিশনে হাজির হয়ে অনুসন্ধানকারী দলের জিজ্ঞাসার জবাব দেন। তাদের প্রত্যেককে আলাদাভাবে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কমিশন কর্মকর্তারা। গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল অর্থ পাওয়া যায় বলে গণমাধ্যমের খবরে বলা হয়। এ সময় ওই গাড়িতে ইউসুফ মৃধা ও এনামুলও ছিলেন। ওই খবরের পর ইউসুফ ও এনামুলকে সাময়িক বরখাস্ত এবং ওমর ফারুককে চাকরিচ্যুত করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্তও। অবশ্য সুরঞ্জিত মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার ৩০ ঘণ্টার মাথায় তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। বুধবারের জিজ্ঞাসাবাদের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই টাকা নিজের বলে দাবি করেছেন ওমর ফারুক। টাকার বিষয়টা জানতেন না বলে দাবি করেছেন ইউসুফ মৃধা ও এনামুল হক।” “তবে তারা সবাই বলেছেন তারা মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন,” বলেন তিনি। ওই কর্মকর্তা আরো জানান, ঘটনার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) যে সব সদস্য উপস্থিত ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করবে দুদক। পাশাপাশি ওই ঘটনার ভিডিও ফুটেজও চাওয়া হবে বলে জানান তিনি। চালককেও ডাকা হবে টাকা উদ্ধারের খবরের পর থেকে নিখোঁজ থাকা ওমর ফারুকের গাড়িচালক আলী আজমকেও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদকের অনুসন্ধান কমিটি। গত ৯ এপ্রিল রাতে আসলে কী ঘটেছিল তা জানতেই এ জিজ্ঞাসাবাদ হবে। আজমের গ্রামের বাড়ির ঠিকানায় এ জন্য বৃহস্পতিবার চিঠিও পাঠানো হয়েছে- নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান দুদকের এক কর্মকর্তা। ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনার দিন থেকেই আলী আজমের খোঁজ মিলছে না। ঘটনা ধামাচাপা দিতে তাকে ‘গুম’ করা হয়েছে বলে তার স্ত্রী দাবি করেছেন। ‘সেনগুপ্ত টেলিকমের’ তথ্য চেয়ে চিঠি এদিকে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তের ‘সেনগুপ্ত টেলিকমের’ বিষয়ে তথ্য চেয়ে বৃহস্পতিবার পাঁচটি প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে দুদক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া চিঠিতে ‘সেনগুপ্ত টেলিকমের’ জন্য দেওয়া লাইসেন্স ফি’র পাঁচ কোটি টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়। গত ১২ এপ্রিল ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন এক্সচেঞ্জে (আইসিএক্স) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৭৮টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। এর মধ্যে একটি আইসিএক্স লাইসেন্স পান সৌমেন সেনগুপ্ত। সৌমেনের সম্পদের বিষয়ে দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইঞাঁ ও সহকারী পরিচালক মনিরুজ্জামান অনুসন্ধান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/পিডি/১৯১৪ ঘ.