২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়লেখায় হরতালে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে হরতাল চলাকালে মৌলভীবাজারর বড়লেখায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

মৌলভীবাজার, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে হরতাল চলাকালে মৌলভীবাজারর বড়লেখায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরের এ সংঘর্ষে অন্তত উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আটক হয়েছেন তিন জন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। এরপরই পাল্টা মিছিল বের করে আওয়ামী লীগ। উপজেলা সদরের বাজারে দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টাধাওয়ায় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ অবস্থায় অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বড়লেখা পৌর এলাকায় দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি। বড়লেখা থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, প্রায় ঘণ্টাখানেক ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এক পুলিশ কর্মকর্তাসহ উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম (২৮), বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান শোয়েব আহমদ (৪৫), নিজাম উদ্দিন (২৮), আনুর মিয়া (৩০) এবং জুনেদ আহমদকে (৩০) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি জানান, আহত আনুর মিয়া, সেলিম মিয়া (৪৫) এবং তুতিউর রহমানকে (৩৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বনানীর বাসা থেকে বের হওয়ার পর থেকে ইলিয়াস আলী ‘নিখোঁজ’ রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইলিয়াস আলী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি সিলেট জেলা বিএনপির সভাপতিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৪৩ ঘ.