চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ৩৭ আসামির বিরুদ্ধে নতুনভাবে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবাার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা হোসনে আরা বেগম এ মামলার ৩৮ আসামির মধ্যে ৩৭ জনের বিরুদ্ধেনতুন দুটি ধারায় দ্বিতীয় দফায় অভিযোগ গঠন করেন।
পাশাপাশি ১৫ মে সাক্ষ্যগ্রহণ শুরুর দিনও দিয়েছেন তিনি।
এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর বিএনপিনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করে একই আদালত।
রাষ্ট্রপক্ষ আসামিদের নতুন দুটি ধারায় অভিযোগ গঠনের আবেদেন জানালে দুই দফায় শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দেন।
তবে আমিন চেয়ারম্যানের বিচার কাজের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় তার বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ গঠন হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে ৩৮ আসামির বিরুদ্ধে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এরপরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে।
তিনি জানান, সে হিসেবে ৩০২/১০৯ ও ৪৩৬/১০৯ এর পরিবর্তে এখন আসামিদের ৩০২/৩৪ ও ৪৩৬/৩৪ ধারায় অভিযোগ গঠন করা হল।
আগের ধারায় অভিযোগ গঠনের পর চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ এ পর্যন্ত সাতদফা পেছানো হয়েছে।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে এক দল সন্ত্রাসী আগুন ধরিয়ে দেয়। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে হত্যা মামলা করেন।
সাত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম সিআইডি’র সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ গত বছরের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র জমা দেন।
এরপর গত ১২ সেপ্টেম্বর বিএনপিনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করে আদালত। বাদ পড়েন একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮২৮ ঘ.
bdnews24