ফেনী/নীলফামারী, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি হত্যা মামলায় বৃহস্পতিবার ফেনী ও নীলফামারীতে ২১ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
এর মধ্যে ফেনীতে এক মুদি দোকানি হত্যা মামলায় ১৬ জন এবং নীলফামারীতে গৃহবধূকে হত্যার দায়ে আরো ৫ জনকে যাবজ্জীবন হয়েছে।
আমাদের ফেনী প্রতিনিধি জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুন উর রশিদ দুপুরে দাগনভূঞার মুদি দোকানী নুর আলম সোহাগ হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মাইনুদ্দিন, মোজাম্মেল, দিদার, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর, আবুল কালাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন নবী, নয়ন, নুর হোসেন, ইয়াছিন, হালিম, কামাল উদ্দিন, জানে আলম জানা, জয়নাল আবদীন মকবুল, রতন ও হারুন।
মামলার সরকারি কৌঁসুলি দ্বিজেন্দ্র লাল কংস বণিক সাংবাদিকদের জানান, ২০০৪ সালের ১৩ এপ্রিল দাগনভূঞার গজারিয়া বাজারের মুদি দোকানী নুর আলম সোহাগকে (২২) বাকিতে মাল না দেওয়ায় নলকূপের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় সোহাগের বাবা মো. হাবিবুল্লাহ বাদী হয়ে ওইদিনই থানায় হত্যা মামলা করেন। আদালত আসামিদের সবাইকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে বলে জানান আইনজীবী।
নীলফামারী প্রতিনিধি জানান, যৌতুকের দাবিতে সদর উপজেলার বধূ রাবেয়া বেগমকে হত্যার দায়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেব-উন-নেছা পাঁচজনকে যাবজ্জীবন দেন।
দণ্ডিতরা হলেন- রাবেয়ার স্বামী সারোয়ার হোসেন, শ্বশুর তমছের আলী, চাচা শশুর গঞ্জর আলী, শাশুড়ি আনোয়ারা বেগম ও দেবর আনারুল হক। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন।
সরকারি আইনজীবী অক্ষয় কুমার রায় জানান, ২০০৯ সালের ৭ জুলাই যৌতুকের কারণে রাবেয়াকে তার স্বামীর বাড়ির লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই তিন মারা যান।
এ ঘটনায় পরদিন রাবেয়ার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত পাঁচজনকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বলে জানান আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮০০ ঘ.
bdnews24