২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুমের রাজনীতি তারাই শুরু করেছে: প্রধানমন্ত্রী

“তারা নিজেরা নিজেদের লোক মেরে আমাদের ওপর দোষ চাপায়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 09:13 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীকে ‘গুম’ করার অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ‘গুমের রাজনীতি’ বিএনপিই শুরু করেছে। বৃহস্পতিবার কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, “গুমের রাজনীতি তারাই শুরু করেছে। আমরা গুমের রাজনীতি করি না। তারা নিজেরা নিজেদের লোক মেরে আমাদের ওপর দোষ চাপায়।” বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস গত মঙ্গলবার মধ্যরাত থেকে ‘নিখোঁজ’ বলে থানা ও আদালতে অভিযোগ করেছে তার পরিবার। এরপর একদিন পেরিয়ে গেলেও পুলিশ তার কোনো খোঁজ দিতে না পারায় বিএনপি অভিযোগ করেছে, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ইলিয়াসকে ‘গুম’ করেছে। ইলিয়াস আলীকে ‘র‌্যাবের লোকরা তুলে নিয়ে গেছে’ বলেও বুধবার এক অনুষ্ঠানে অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দৃশ্যতঃ এর জবাবে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, “আপনারা তাদের ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছেন। আমরা তাদের মানবাধিকার ট্রেনিং দিচ্ছি। আপনাদের সৃষ্টি আপনাদেরই খাবে।” বিগত চার দলীয় জোট সরকারের সময় দেশে ‘জঙ্গিবাদের উত্থান’ নিয়েও বিএনপির সমালোচনা করেন তিনি। ওই সরকারের সময়েই ২০০৪ সালে ‘এলিট ফোর্স’ র‌্যাব গঠিত হয়, যে সংস্থার বিরুদ্ধে পরবর্তীতে ‘ক্রসফায়ারের’ নামে ব্যাপক মাত্রায় বিচার বহির্ভূত হত্যার অভিযোগ ওঠে। এ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ব্যাপক সমালোচনার মুখে বর্তমান সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ‘মানবাধিকার বিষয়ে’ প্রশিক্ষণ দেওয়া হয় র‌্যাব সদস্যদের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা ‘অনাকাক্সিক্ষত’। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহা-পরিদর্শককে নির্দেশ দিয়েছেন। পঁচাত্তরে পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হাসিনা বলেন, “স্বজন হারানোর ব্যাথা আমরা চেয়ে কেউ বেশি জানে না।” প্রধানমন্ত্রী জানান, টেলিভিশনে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবেদনগুলো তিনি দেখেছেন। বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে তিনি বলেন, “ওদের চরিত্র হলো, নিজেরা অঘটন ঘটাবে। আর যা হবে- তার দোষ চাপাবে আওয়ামী লীগের ওপরে।” “ওরা কীভাবে অপকর্ম করে তা বের করা উচিত”, যোগ করেন তিনি। কৃষক লীগের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে সভপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা আব্দুল জলিল। অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষক লীগের সাবেক সভাপতি রহমত আলী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫০৪ ঘ.