গাজীপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে মিটার কারসাজি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে আট গ্রাহককের কাছ থেকে জরিমানা হিসেবে প্রায় আট লাখ টাকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (বিপণন) মো. খালেদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় গাজীপুর পৌরসভার রথখোলা, পূর্ব চান্দনা, ছোট দেওরা, পূর্ব ভূরুলীয়া, ভারারুল ও লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় মিটার কারসাজির অভিযোগে বিদ্যুৎ আইনে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৬০ হাজার টাকা ও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ইউনিট বাবদ পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ সাত লাখ ২০ হাজার ১৬৮ টাকা জরিমানা আদায় করেন।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযানে গাজীপুর পৌরসভার রথখোলা এলাকার আবু মিয়াকে ১ লাখ ২৩ হাজার ৬৪২ টাকা, পূর্ব চান্দনার অসিম উদ্দিনকে ৯১ হাজার ৪৩ টাকা, ছোট দেওরা গ্রামের জাহিদুল ইসলামকে ৩৯ হাজার ১২১ টাকা, পূর্ব ভূরুলীয়া গ্রামের ফাতেমা বেগমকে ৭১ হাজার ৭২৮ টাকা, ভারারুল গ্রামের মনির হোসেনকে ৪ লাখ ৫৭৬ টাকা, জয়বেদপুর বাজারের মেসার্স রাজ্জাক ব্রাদর্সের মালিককে ৪৪ হাজার ৫৮টাকা, পূর্ব ভূরুলীয়া গ্রামের আব্দুল খালেককে ১০হাজার টাকা, লক্ষ্মীপুরা গ্রামের মোফাজ্জল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪৪২ ঘ.
bdnews24