২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর

এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে রোববারের হরতাল কর্মসূচি পুনর্বিবেচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 07:49 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে রোববারের হরতাল কর্মসূচি পুনর্বিবেচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীরা দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। তাদের পরীক্ষা নির্বিঘœ ও নিরাপদ করা আমাদের দায়িত্ব।” বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুম’ করার প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ওইদিন (রোববার) প্রকৌশল অঙ্গন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, সমরবিদ্যা (তত্ত্বীয়) প্রথম পত্র, গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) প্রথম পত্র, পরিসংখ্যান (তত্ত্বীয়) প্রথম পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (জীববিজ্ঞান) এবং ক্রীড়া (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা হওয়ার তারিখ নির্ধারণ রয়েছে। রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে সাবেক সাংসদ ইলিয়াস আলীর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ওই সময় থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় তাহসিনা রুশদী লুনা বুধবার সকালে বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। সাবেক সাংসদ ইলিয়াসের অন্তর্ধাণের পর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান না পেয়ে বিএনপিও অভিযোগ করেছে, তাকে ‘গুম’ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় বিএনপির ডাকা হরতাল চলছে। ফলে বুধবার রাতেই সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান এবং কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের সব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। তবে এদিন অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কিউএইচ/আরএ/১৩৪২ ঘ.