চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হল থেকে এক আবাসিক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শাহজালাল হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শাহেদ বিন সাদিক জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হলের ৩৩৩ নম্বর কক্ষ থেকে সোহাগ হাওলাদারের (২৪) লাশ উদ্ধার করা হয়। সোহাগ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে জানিয়ে শাহেদ বিন সাদিক বলেন, ওই কক্ষ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। এতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করা হয়েছে।
সোহাগের সহপাঠীরা জানিয়েছে, ৩৩৩ নম্বর কক্ষে একাই থাকতো সোহাগ। বেশ কিছুদিন ধরে মাইগ্রেনের ব্যথার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলো সোহাগ।
ভারপ্রাপ্ত প্রভোস্ট জানান, সকাল থেকে সোহাগের বাবা তার মোবাইল ফোনে চেষ্টা করে কোন সাড়া না পেয়ে পাশের ৩৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী মাজেদকে ফোন করেন।
এরপর মাজেদ সকাল ৯টার দিকে সোহাগের কক্ষের দরজায় ধাক্কা দিয়ে কোন সাড়া পায়নি। পরে ওই কক্ষের জানালা দিয়ে সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হল প্রশাসনকে খবর দেয় মাজেদ। বেলা সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে চবি পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সোহাগের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সোহাগ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের তোরাব হাওলাদারের ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/১৩৫৭ ঘ.
bdnews24