নিউইয়র্ক, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ রহস্য উদঘাটনে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে কেন্দ্রীয় বিএনপি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শমসের মোবিন চৌধুরী স্বাক্ষরিত একটি স্মারকলিপি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব এবং ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয় সেখানকার বিএনপি নেতারা।
রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বনানী থানায় একটি সাধারণ ডায়েরিতে অভিযোগ করেন, তার স্বামী মঙ্গলবার মধ্যরাত থেকে ‘নিখোঁজ’।
ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা না হলে বহির্বিশ্ব বিএনপির উদ্যোগে সব দেশে বাংলাদেশ দূতাবাস ও কন্স্যুলেটের সামনে অবস্থান ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে।
এদিকে ইলিয়াস আলীসহ এর আগে আরো যারা গুম হয়েছে তাদের সবার খোঁজ জানানোর দাবিতে ২০ এপ্রিল নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের সামনে এবং সন্ধ্যায় ব্র“কলীনে চার্চ-ম্যাকডোনাল্ডে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৫৩ ঘ.
bdnews24