ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিরক্ষা, সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ শুরু হচ্ছে।
বুধবার অতিরিক্ত পররাষ্ট্র সচিব মোস্তফা কামাল এ তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিরাপত্তা বৈঠকে সাধারণত নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।”
একদিনের এ সংলাপে ২১ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক সহকারী সেক্রেটারি অ্যান্ড্রু জে শাপিরো।
এর আগে গত ৯ এপ্রিল ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন, এ সংলাপে সামরিক সহযোগিতা, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বিষয়ে একটি রূপরেখা প্রণয়নের অংশ হিসেবে এ সংলাপ হচ্ছে।
“এখন আমাদের মধ্যে সেনাবাহিনী, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। তবে এগুলো সবই আলাদা আলাদাভাবে রয়েছে।”
তিনি বলেন, “আমরা নিরাপত্তার সব বিষয়কে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।”
উদাহরণ হিসেবে তিনি বলেন, ১৯৮৯ সালে প্রশিক্ষণ নিয়ে একটি সহযোগিতা চুক্তি করে বাংলাদেশ সেনাবাহিনী। আবার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক রয়েছে যার আওতায় যুক্তরাষ্ট্রের সি অ্যাঞ্জেল জাহাজ বাংলাদেশে এসেছিল।
“এটা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করলে আমরা একটি নিরাপত্তা রূপরেখা প্রণয়ন করতে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/২৩৫৩ ঘ.
bdnews24