ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মানবাধিকার কর্মীকে ‘লাঞ্ছিত’ করার অভিযোগে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. ইউসুফের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন মানবাধিকার সংগঠন জাস্টিস মেকারস বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব শাহানূর ইসলাম।
দুপুরে মহানগর হাকিম ইসমাইল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করলেও এদিন কোনো আদেশ দেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ আদালতের কর্মচারী মো. রিপন।
মামলায় বলা হয়, গত ৩ এপ্রিল সন্ধ্যায় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে ওই পুলিশ কর্মকর্তা তাকে লাঞ্ছিত করেন।
নওগাঁ জেলার কারা তত্ত্বাবধায়ক, বদলগাছি থানার সাবেক ওসিসহ নয় জন কারা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আসামি নির্যাতন ও নির্যাতন পরবর্তী মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছিলেন শাহানূর।
ওই মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তদের পক্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি গত ৩ এপ্রিল দুপুর ১২টা ৫৫ মিনিটে তাকে মোবাইল ফোনে হুমকি দেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানায় জিডি করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা এসআই ইউসুফ সেটি গ্রহণে অসম্মতি জানান। এক পর্যায়ে গালিগালাজ করতে করতে জামার কলার ধরে টেনে শাহানূরকে লকআপে ঢোকানোর চেষ্টা করেন।
এ সময় সঙ্গী অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের চেষ্টায় তিনি সেখান থেকে বেরিয়ে আসেন বলে মামলায় উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/২১০৬ ঘ.
bdnews24