২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলের ওসি ও ৩ এসআইয়ের বিরুদ্ধে মামলা

রাজধানীর কাফরুলে ঠিকাদার ফারুক হোসেন কামালের মৃত্যুর ঘটনায় কাফরুল থানার ওসিসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে ঠিকাদার ফারুক হোসেন কামালের মৃত্যুর ঘটনায় কাফরুল থানার ওসিসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন ফারুকের বোন পারভীন হক। মহানগর হাকিম আনোয়ার সাদাত মামলাটি আমলে নিয়ে এর আগে পুলিশের দায়ের করা অপমৃত্যু মামলার সঙ্গে বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণে ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পুলিশ কমিশনারকে এক মাসের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়। মামলায় বলা হয়, গত ২৮ ফেব্র“য়ারি পুলিশের নির্যাতনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিকাদার ফারুক হোসেন কামাল মারা যান। ফারুককে কাফরুল থানার একটি চাঁদাবাজি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়। ফারুকের শরীরে আঘাতের চিহ্ন দেখে হাকিম রিমান্ড আবেদন নাকচ করে তাকে করাাগারে পাঠিয়ে দেয়। পরে কারা কর্তৃপক্ষ ফারুকের অবস্থা গুরুতর দেখে কারা হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে তিনি মারা যান। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- কাফরুল থানার উপ-পরিদর্শক নূরুজ্জামান, উপ-পরিদর্শক রেজাউল করিম পাটোয়ারী, উপ-পরিদর্শক আফাজ উদ্দিন, ওসি মো. আবদুল লতিফ ও পুলিশের সোর্স বাবু ওরফে রতন। পারভীন হক সাংবাদিকদের জানান, ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে না এসে তার কোন উপায় ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এএল/২০৩২ ঘ.