২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদা দূষণে নোটিস বিদ্যুৎ কেন্দ্রকে

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে বর্জ্য ফেলার জন্য হাটহাজারীর একটি বিদ্যুৎ কেন্দ্রকে নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে বর্জ্য ফেলার জন্য হাটহাজারীর একটি বিদ্যুৎ কেন্দ্রকে নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সরেজমিনে হাটহাজারীর দেওয়ানপুরে অবস্থিত সরকারি এই বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জাফর আলম এ নোটিস দেন। নোটিসে পরিবেশ ছাড়পত্র ছাড়া হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের কাজ চালানোর ব্যাখ্যাও চাওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপককে আগামী তিন দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। পরিচালক জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ কেন্দ্রে সর্তকতা অবলম্বন না করে অপরিকল্পিতভাবে ফার্নেস ওয়েল স্থানান্তরের সময় তা হালদা নদীর গড়দুয়ারা অংশের চেংখালী খাল হয়ে নদীতে পড়ছে। “এতে হালদা নদীতে প্রজননের জন্য আসা মা-মাছসহ নদীর জীব বৈচিত্র্য হুমকির মধ্যে পড়ছে এবং দূষণের শিকার হচ্ছে। দূষণের ফলে ওই নদী থেকে সংগৃহীত মাছের ডিমের রেণু পরিচর্যায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।” এছাড়া পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা তিনদিনের মধ্যে জানাতে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপককে এ নোটিস দেওয়া হয় বলে জানান তিনি। অধিদপ্তরের পক্ষ থেকে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষকে অবিলম্বে পরিবেশ ছাড়পত্র গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/২২৩৩ ঘ.