ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার বিকালে ১৮ দলীয় জোটের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “সরকারের এজেন্সি ও র্যাবের লোকজন ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। নেওয়ার সময়ে লোকজন তা দেখেছে। তাই ইলিয়াসের কিছু হলে তার দায় সরকারের ওপর বর্তাবে।”
রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে ইলিয়াস আলীর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
এ বিষয়ে বুধবার সকালে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
অবিলম্বে ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে দেওয়ার’ দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
“আমি সরকারের কাছে দাবি করছি- অবিলম্বে তাকে ফিরিয়ে দেওয়া হোক।’’
এর আগেও সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিএনপি নেতারা ‘গুম বা নিখোঁজ’ হয়েছে- এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, এ দেশে এর বিচার না পেলে ‘প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে’ যাবেন তারা।
পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও খালেদা জিয়া হুঁশিয়ার করেন। তিনি বলেন, “এই সরকার চিরদিন ক্ষমতায় থাকবে না। এজেন্সির যেসব সদস্য এ রকম নিখোঁজ বা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত রয়েছেন- তাদের উদ্দেশ্যে বলবো, এসব কর্মকাণ্ড বন্ধ করুন। নইলে একদিন আপনাদের প্রত্যেককে বিচারের মুখোমুখী হতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৯৫২ ঘ.
bdnews24