গাজীপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সাজা ভোগের পর কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার ১৬ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী বলেন, বিডিআর বিদ্রোহ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ১৬ জন বিডিআর (বর্তমান বিজিবি) সদস্য ছাড়া পেয়েছেন।
তিনি বলেন, বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ২০১১ সালের ২৭ জুন বিজিবি (বিডিআর) সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালতে ২৪ ব্যাটেলিয়নের ওই সদস্যদের এক বছরের কারাদণ্ড হয়।
সদাচরণের কারণে বিধি মোতবেক দুই মাস আটদিন সাজা কমে যাওয়ায় নয়মাস ২২ দিন কারাভোগ করেন তারা।
এরা হলেন বরিশালের বাকেরগঞ্জের পশ্চিম নলুয়া গ্রামের সহিদুল ইসলাম, চাঁদপুরের মতলবের পাঁচদোনা গ্রামের রেজাউল করিম, রংপুর শহরের সাতগাড়া এলাকার মাহফুজুুর রহমান, গাজীপুরের কাপাসিয়ার সামরদি গ্রামের সামসুল হক, গোপালগঞ্জের কাশিয়ানির বাট্টাইবোধা গ্রামের রেজাউল করিম, বাগেরহাট সদরের বেমরতা গ্রামের আজম আলী, টাঙ্গাইলের গোপালপুরের গোলপেঁচা গ্রামের মোখলেছুর রহমান, ঘাটাইলের দরিবীরচাবি গ্রামের নূর মোহাম্মদ, নাগরপুরের গায়পাট্রা গ্রামের জিল্লুর রহমান, ভোলার চরফ্যাশনের নোরাবাদ গ্রামের মিজানুর রহমান, কিশোরগঞ্জের কটিয়াদির কাচির চর গ্রামের গোলাম মোস্তফা, মৌলভীবাজারের রাজনগরের গিয়াস উদ্দিন, নরসিংদীর বেলাবের পাটুলি গ্রামের আলতাব হোসেন, মাগুরার শ্রীপুরের ঘাসিয়ারা গ্রামের আশরাফুজ্জামন, দিনাজপুরের বিরলের বিষ্ণুপুর গ্রামের শরিফুল ইসলাম এবং নাটোরের সিংড়ার সোনাপুর গ্রামের এরশাদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24