২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব গহনা পেয়েও গৃহকর্ত্রীকে হত্যা করেন গাড়িচালক মিন্টু’

গুলশানে ব্যবসায়ীর স্ত্রী হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার গাড়িচালক মিন্টু প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে ব্যবসায়ীর স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার গাড়িচালক স্বীকার করেছেন, আঁটঘাট বেঁধেই লুটপাটের পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি। ব্যবসায়ী এম এ মুবিন খানের স্ত্রী ফাহিমা সুলতানা হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে বুধবার র‌্যাব গ্রেপ্তার করে গাড়িচালক মিন্টু পেদাকে। র‌্যাব দপ্তরে হত্যাকাণ্ডের কথা সাংবাদিকদের কাছে স্বীকারও করেন তিনি। র‌্যাব জানিয়েছে, কামরাঙ্গীরচর এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তার কাছে লুণ্ঠিত গহনার কিছু পাওয়া যায়। বিকালে র‌্যাব কার্যালয়ে মিন্টুকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তার আগে র‌্যাব দপ্তরে গিয়ে মিন্টুকে সনাক্ত করেন মুবিন খান ও তার স্কুলপড়–য়া দুই মেয়ে। মিন্টুর বক্তব্য যাচাই করা হচ্ছে বলে জানান র‌্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক এম সোহায়েল। মিন্টু বলেন, “হত্যার সময় ফাহিমা বলেছিলেন, ‘আমাকে মেরো না, সব অলঙ্কার নিয়ে যাও’। এরপরও ফাহিমা জীবন বাঁচাতে বাথরুমে আশ্রয় নিলে সেখানে গিয়ে আমি তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করি।” গ্রেপ্তার গাড়িচালক জানান, হত্যাকাণ্ডের পরপরই প্রথম তিনি তার স্ত্রীকে ফোন করে এবং ঢাকায় আসতে বলেন। কামরাঙ্গীরচরের যে বাসা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি কয়েকদিন আগে ভাড়া নেন। ফাহিমার পরিবারের গাড়িচালকের চাকরি নেন তিনি ছয় মাস আগে। তার হঠাৎ করে বাসা ভাড়া নেওয়ার মধ্যে অস্বাভাবিক মনে হয়েছে র‌্যাবের কাছে। এই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব কর্মকর্তা সোহায়েল সাংবাদিকদের বলেন, হত্যার পরিকল্পনা তার আগের। এই জন্য সে আগে থেকে বাসা ভাড়া নেয়। মিন্টু র‌্যাবকে জানিয়েছে, বাসায় ঢুকেই তিনি প্রথমে গৃহকর্মী বীণাকে হত্যার জন্য জবাই করেন। পরে গৃহকর্ত্রী ফাহিমাকে হত্যার পর মৃতদেহ বাথরুমে রেখে নিজের রক্তমাখা কাপড় পাল্টে গৃহকর্তা মুবিন খানের কাপড় পরে এবং সোনার গহনা ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যান তিনি। মঙ্গলবার দুপুরে গুলশানে নিজের বাসায় ছুরিকাঘাতে হত্যা করা হয় ফাহিমাকে। আহত অবস্থায় উদ্ধারের পর বীণাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিজামুল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বীণা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ও পুলিশকে বলেছেন, ওই পরিবারের গাড়িচালক মিন্টুই হামলা চালিয়ে ফাহিমাকে হত্যা করেন। এই ঘটনায় মঙ্গলবার রাতে গুলশান থানায় একটি মামলা করেন মুবিন খান, যাতে প্রায় দেড়শ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ আনা হয়। এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিন্টুর কাছ থেকে প্রায় ৬০ ভরি অলঙ্কার পাওয়া গেছে। বাকি গহনা উদ্ধারের চেষ্টা চলছে।” মুবিন খান ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক। নিহত ফাহিমা ওই প্রতিষ্ঠানের একজন পরিচালক ছিলেন। র‌্যাব কর্মকর্তা সোহায়েল জানান, চাকরি পাওয়ার পর থেকে বাড়ির মালামাল লুটের পরিকল্পনার কথা স্বীকার করেছেন মিন্টু। “এরই অংশ হিসাবে এক সপ্তাহ আগে বাড্ডা নতুন বাজার থেকে দেড়শ টাকায় একটি ছুরি কেনে সে। এই ছুরি ব্যবহারের সময় সে খুঁজছিল। মঙ্গলবার যে সুযোগ নেয়,” বলেন তিনি। গৃহকর্মী বীণা জানিয়েছে, ফাহিমা তার দুই মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পর ফিরে বাসায় ঢোকার সময় মিন্টুও তার সঙ্গে ঢুকে। মিন্টু সাংবাদিকদের জানান, ফাহিমাকে আঘাত করার আগে বীণা এগিয়ে এলে প্রথমে তাকে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। হত্যাকাণ্ডের পর তিনি স্ত্রীকে ফোন করেন এবং শরীয়তপুর থেকে ঢাকায় আসতে বলেন। স্ত্রীকে আনতে মাওয়া পর্যন্ত গিয়েছিলেন মিন্টু। এরপর দুজনই কামরাঙ্গীরচরের বাসায় ওঠেন। তবে অভিযানের সময় ওই বাসায় মিন্টুর স্ত্রীকে পায়নি র‌্যাব। এম সোহায়েল বলেন, মিন্টুর সব বক্তব্য যাচাই করা হচ্ছে। তার স্ত্রীকে গ্রেপ্তারেরও চেষ্টা চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমআই/১৯২৫ ঘ.