বেনাপোল, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ডাকা ধর্মঘট একদিন পর প্রত্যাহার করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকরা।
বুধবার সকাল ১১টায় এই ধর্মঘট তুলে নেওয়া হয়। এরপর পণ্য ওঠা-নামা পুরোদমে শুরু হয়েছে। মঙ্গলবার তারা ধর্মঘট শুরু করেছিল।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শর্তসাপেক্ষে ২৩ এপ্রিল পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়েছে।”
তবে, আগামী সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে পুনরায় ধর্মঘট পালনের হুমকি দিয়েছে বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দু’টি ইউনিয়ন।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবুল কালাম আযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাতে ঢাকায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শ্রমিক নেতাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, কেন্দ্রীয় শ্রমিক নেতারা শর্ত অনুযায়ী আগামী ২৩ এপ্রিল পর্যন্ত অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24