মেহেরপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর সদরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বুধবার সকালে গোভীপুর গ্রামে এ সংঘর্ষে নিহত মুজিবর রহমান (৩৪) এলাকার লেঙগা শেখের ছেলে।
আহত ইসহাক, আবু তৈয়ব, শুকুর আলী, রফিকুল ও লোকমানকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি জহুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের একটি জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন নাসির উদ্দীন ও তার লোকজন।
সকালে মুজিবুর রহমান ও তার লোকজন ওই জমিতে গাছ কাটতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মুজিবুর নিহত হন।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ওসি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
মেহেরপুরের পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জড়িতরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে সেজন্য সব বিজিবি ক্যাম্পকে সর্তক থাকতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24