সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২তম দিনে ব্যর্থতা স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার হাই কোর্টের একটি বেঞ্চে তদন্তের গতি নিয়ে বিচারকদের ক্ষোভ প্রকাশের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম স্বীকার করেন, এখন পর্যন্ত তারা ব্যর্থ।
এরপর আদালত এই মামলার তদন্তভার র্যাবকে দেওয়ার নির্দেশ দেয়।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের বাসায় সাংবাদিক দম্পতি খুন হওয়ার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। এনিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাংবাদিকরা।
হত্যাকাণ্ডের পরদিন রুনির ভাই নওশের আলম বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন, যা তদন্ত করছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রবিউল আলম।
খুনি গ্রেপ্তার না হওয়ায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদের এক রিট আবেদনে গত ২৮ ফেব্রুয়ারি হাই কোর্ট একটি রুল দেয়।
রুলের জবাব যথাসময়ে না পেয়ে আদালত ২০ মার্চ তদন্তের অগ্রগতির প্রতিবেদন চায়। তখন গত ২১ মার্চ গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এবং ২২ মার্চ পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে দুটি ‘অগ্রগতি প্রতিবেদন’ জমা পড়ে।
মঙ্গলবার ওই দুটি প্রতিবেদন পড়ে আদালত অসন্তোষ প্রকাশ করে পুলিশের দুই কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দেয়।
তলব পেয়ে বুধবার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে হাজির হন দুই কর্মকর্তা।
প্রথমে তদন্ত কর্মকর্তা রবিউল আলম এবং পরে উপ-কমিশনার মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।
তদন্ত কর্মকর্তা রবিউল এজলাসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আদালত বলে, “আপনাদের রিপোর্ট দেখলাম, সেটা তো শূন্য। সেখানে কিছুই নাই, আপনাদের অর্জন দেখে তো আমরা শঙ্কিত।
“জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। তিন মাসেও যদি আপনারা কোনো উপায় বের করতে না পারেন। তাহলে কী হবে? এ রকম একটা সেনসেশনাল মামলায় আপনারা কিছুই করতে পারলেন না।”
মহাজোট এবং চারদলীয় জোট সরকার আমলে বেশ কয়েকজন সাংবাদিক হত্যার কথা তুলে ধরে আদালত বলেন, “আপনারা একটারও কোনো কূলকিনারা করতে পারেননি। এটাকে আমরা ব্যর্থতাই বলব। ব্যর্থতাই তো নাকি?”
তখন তদন্ত কর্মকর্তা রবিউল বলেন, “আমরা চেষ্টা করছি।”
আদালত বলে, “চেষ্টা করে অর্জন কী? অর্জন না হলে তো আমরা সেটাকে ব্যর্থতাই বলব। এ সব ঘটনায় তীরে আসা তো দূরে থাক, তীর দেখাও যাচ্ছে না।”
রবিউল বলেন, “আমরা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তখন আদালত বলে, “আমরা সেটাই তো বলছি, আগে তথ্য প্রযুক্তি ছিল না, এখন আছে, তাই দায়ও বেশি। রোমানার স্বামীকে ট্রাকিং ডিভাইস দিয়ে ধরলেন। এক্ষেত্রে কিছুই করতে পারলেন না।”
“আশা করি পারব। আমরা সর্বশক্তি নিয়ে চেষ্টা করছি,” বলেন তদন্ত কর্মকর্তা।
আদালত বলে, “আশা তো চার মাস ধরে করছি। সর্বশক্তি দিয়ে চেষ্টার ফল কী? ২০ মার্চ প্রতিবেদন দিয়েছেন। সেই প্রতিবেদন আমরা গতকাল দেখেছি। এরপরও এক মাস চলে গেছে। হতাশ করলেন, ভীষণ হতাশ করলেন। গোটা জাতির জন্যই এটা হতাশাজনক।
এরপর আদালত তদন্তের নথিপত্র দেখতে চাইলে তা দেখান তদন্ত কর্মকর্তা রবিউল।
মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল বলেন, তিনি তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না হলেও ডিএমপির মুখপাত্র হিসাবে গণমাধ্যমে কথা বলে আসছেন। তবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া কথা না বলতে আদালতের আদেশ হওয়ার পর তিনি আর কথা বলেননি।
“সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসামিদের গ্রেপ্তারে আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
আদালত বলে, “সুনির্দিষ্ট তো নয়ই, অনির্দিষ্ট কোনো তথ্যও তো পাওয়া যাচ্ছে না। একের পর এক সাংবাদিক মারা যাচ্ছে। আপনারা কিছুই করতে পারছেন না। এর কারণ কী বলেন তো। এটা কি লজিস্টিক না থাকার কারণে না-কি আপনারা পারছেন না।”
আদালত বলে, “তিন মাসে পারেন নাই। সামনের পারবেন কি-না, এমন আশা করতে পারছি না। বাদি বা সাগর সরওয়ারের পরিবার থেকে আসামিদের সন্দেহ করার মতো কোনো তথ্য পাওয়া গেছে?”
মনিরুল ‘না’ সূচক উত্তর দিলে আদালত বলে, “আপনারা কিছু করতে পারলেন না। আমরা ভীষণভাবে ক্ষুব্ধ। নৈরাশ্যজনক অবস্থার সৃষ্টি হয়েছে। একটা জনাকীর্ণ এলাকায় এই ঘটনা ঘটেছে। এমন তো না যে বিচ্ছিন্ন কোনো এলাকায় এই ঘটনা ঘটেছে।”
বাড়ির দারোয়ানের কাছে কোনো তথ্য পাওয়া গেছে কি না- আদালত জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, দারোয়ানকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি।
আদালত তখন জানতে চায়, “আপনার শেষ বক্তব্য কী?”
মনিরুল বলেন, “আমরা আমাদের দক্ষতা ও আন্তরিকতা যা কিছু আছে, সব কিছু দিয়ে চেষ্টা করে যাচ্ছি।”
আদালত বলে, “এভাবে আমরা চলতে দিতে পারি না। আপনি কি ব্যর্থতা স্বীকার করছেন?”
“আমরা আজ পর্যন্ত ব্যর্থ,” জবাব দেন ডিএমপি মুখপাত্র মনিরুল।
‘সাংবাদিক ও আইনজীবীর ওপর পুলিশ অসন্তুষ্ট কি না’
শুনানির এক পর্যায়ে বেঞ্চের কনিষ্ঠ বিচারক মনিরুল ইসলামকে বলেন, “আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক ও আইনজীবী মারা গেলে তদন্তে গাফিলতি হয়। আপনারা কি এই দুই পেশার মানুষের প্রতি কোনোভাবে অসন্তুষ্ট?
তখন পুলিশ কর্মকর্তা বলেন, গত তিন বছরে ঢাকা মহানগরে তিনটি সাংবাদিক খুনের ঘটনা ঘটেছে। এনটিভির আশিকুল ইসলাম, এটিএন বাংলার মিঠু এবং ফরহাদ খান দম্পতি (দৈনিক জনতা) মারা গেছেন।
“তিন ক্ষেত্রেই আমরা আসামিদের দ্রুত ধরতে সক্ষম হয়েছি। শুধু চতুর্থ ঘটনায় (সাগর-রুনি) আমরা এখনো সফল হইনি। যে কোনো লোক খুন হলেই আমরা সমভাবে আমরা চেষ্টা করি।”
তিনি বলেন, “ঢাকা মহানগর পুলিশের অধীনে সব মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা সবক্ষেত্রেই সর্বোচ্চ চেষ্টা করি। আন্তরিকতা ও নিষ্ঠা সত্ত্বেও আমরা সব মামলার আসামিদের ডিটেক্ট করতে পারি না।”
এক পর্যায়ে আদালত বলে,“পুলিশ যখন খুন হয়, তখন তো বিলম্ব না করেই আসামিদের গ্রেপ্তার করতে পারেন। গত কয়েক বছর আমরা এটা দেখে আসছি।”
তখন মনিরুল বলেন, “পুলিশ খুন হলে আমরা সাসপেক্ট করতে পারি। কিন্তু এই ঘটনায় ভিক্টিমদ্বয়ের ব্যক্তিগত ও পেশাগত জীবন বিশ্লেষণ করেও কোনো কিছু পাওয়া যায়নি। এই মামলায় আমরা হত্যার দৃশ্যমান কারণ খুঁজে পাইনি।”
“পুলিশ খুন হলে এভাবে ব্যর্থ হয়েছেন বলে আমি জানি না,” বলে আদালত।
আদালত পুলিশ কর্মকর্তার উদ্দেশে বলে, “আপনাদের তদন্তের সুবিধার জন্য আমরা সাংবাদিকদের অনুরোধ করেছিলাম, তারা যেন এই ঘটনা নিয়ে উল্টাপাল্টা কোনো প্রতিবেদন না ছাপে। তদন্তের প্রতি ক্ষতিকর বিরোধীদলীয় নেত্রীর মন্তব্যকে আমারা ভীষণভাবে নিন্দা করেছিলাম।
“এত সুবিধার পরও কিছুই করতে পারলেন না। ব্যর্থতার ভার অস্বীকারের কোনো স্কোপ নেই। এই ভার সরকারের ওপর পড়েছে।”
“হতাশ করলেন, ভীষণ হতাশ করলেন। গোটা জাতির জন্যই এটা হতাশাজনক,” বলে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮০৮ ঘ.
bdnews24