ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন চার দলের সঙ্গে আরও ১২টি দল যোগ হয়ে ‘১৮ দলীয় জোট’ নামে নতুন এক মোর্চা গঠনের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার বিকাল ৪টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের ঘোষণাপত্র প্রকাশ করেন তিনি।
এই জোটে বিএনপির শরিক হিসাবে রয়েছে চার দলে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী, ডেমোক্রেটিক লীগ (ডিএল) ও পিপলস লীগ।
১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের গড়ে তুলতে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠন করা হয়। এর ১৩ বছরের মাথায় গত ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে জোট স¤প্রসারণে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
তবে সেদিন জোটের নাম বা কাঠামো সম্পর্কে বিস্তারিত কিছু তিনি জানাননি।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে এই অনুষ্ঠানের মূল মঞ্চে খালেদা জিয়ার ডান পাশে বসেছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। আর বাম পাশে ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক ও ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী।
এরপর একই সারিতে পর্যায়ক্রমে গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির সভাপতি খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি জেবেল রহমান গাণি, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খাঁন, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক ইসলামী জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, জাতীয় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ইরান ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি।
এই অনুষ্ঠানে ১৮ দলীয় জোটের এই ঘোষণাপত্রে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা সই করেন।
ইসলামী ঐক্যজোটের মুফতি ফজলুল হক আমিনীর পক্ষে মহাসচিব আবদুল লতিফ নেজামী ও ডেমোক্রেটিক লীগের সভাপতি অলি আহাদ অসুস্থ থাকায় তার পক্ষে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি সই করেন। পিপলস লীগের সভাপতি খাজা গরীবে নেওয়াজ বিদেশে থাকায় তার পক্ষে ছিলেন মহাসচিব সৈয়দ মাহবুবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৫২ ঘ.
bdnews24