ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচারের উদ্দেশ্যে সাত যমজ শিশু হেফাজতে রাখার অভিযোগে সাবেক ডিআইজি আনিসুর রহমান ও তার স্ত্রী আনোয়ারাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঘটনার প্রায় ৬ বছর ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আরিফুর রহমান বুধবার এই রায় দেন।
দুই আসমিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
তবে রায়ের পর আসামিপক্ষের আইনজীবী কাজী মো. সাজাওয়ার হোসাইন বলেছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
এ মামলায় আনিসুর পলাতক এবং তার স্ত্রী আনোয়ারা জামিনে ছিলেন। আনিসুর মামলা চলাকালে এ আদালত থেকেই জামিন নিয়ে পালিয়ে যান।
২০০৬ সালে আনিসুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাড়িতে সাত জোড়া যমজ শিশু থাকার খবর প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, ওই দম্পতি পাচারের জন্য ওই শিশুদের নিজেদের বাড়িতে রেখেছেন।
অনিসুর দম্পতি সে সময় নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ওই ১৪ জনই তাদের সন্তান। যদিও সে সময় সংবাদপত্রে খবর প্রকাশিত হয়, এই শিশুদের সাত জনের জন্মের পাঁচ বছর আগেই আনিসুরের স্ত্রী আনোয়ারা রহমান স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছিলেন। জন্মনিবন্ধন সনদের তথ্য সঠিক হয়ে থাকলে আনোয়ারা ওই শিশুদের মধ্যে ৩ জনকে জন্ম দেন আট মাস সময়ের মধ্যে।
ওই সময় গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট এলিনা খান ২০০৬ সালের ২ জুন রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি একটি এজাহার দায়ের করেন, যা ২০০৭ সালের ৬ ফেব্রুয়ারি মামলা হিসাবে গ্রহণ করে আদালত।
এজাহারে বলা হয়, “ওই দম্পতির ১৪ সন্তানের মধ্যে ৭ জন একেবারেই অল্প বয়সী। আসামিরা শিশু রহস্যের ঘটনায় সঠিক তথ্য সরবরাহ না করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তথ্য দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে শিশুরা তাদের নয়। আসামিদের জীবন, কর্ম ও ইতিহাস বলে, তারা ওই শিশুদের বিদেশে পাঠানো বা পাচার বা ক্রয় বিক্রয়ের জন্য বেআইনিভাবে বিভিন্ন শিশু হাসপাতাল, ক্লিনিক বা আসল অভিভাবকদের হেফাজত থেকে নিজেদের জিম্মায় রেখেছেন।”
২০০৬ সালের ১০ নভেম্বর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হুমায়ুন কবীর এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে অভিযুক্তদেরকে অব্যহতি দেওয়ার আবেদন করেন। মামলার ঘটনাটি নিছক ‘তথ্যগত’ ভুল বলে মন্তব্য করা হয় তার প্রতিবেদনে।
তবে মামলার বাদী ওই প্রতিবেদনের ব্যাপারে আপত্তি জানালে আদালত মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, অল্পবয়সী সাত শিশুর মধ্যে জান্নাতুল মারিয়াম নাজিফা মামলা চলাকালীন সময়ে মারা যায়। অপরদিকে জান্নানতুল মারিয়াম নাফিজা, জান্নাতুল তানিসা রহমান এবং চার ছেলে শিশু আইমান রহমান আনিস (উসহাম), নাসেফ আকন আনিস, আনাস অকন আসিন ও দাইয়ান রহমান (ওসাত) জাতীয় মহিলা আইনজীবী সমিতির আগারগাঁওয়ের আশ্রয় কেন্দ্র ‘প্রশান্তিতে’ রয়েছে।
গত ৪ এপ্রিল আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের জন্য দিন রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১২২০ ঘ.
bdnews24