২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমুদ্র জয়ে’ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা বিকেলে

মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশের ‘সমুদ্র জয়ে’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভনেত্রী শেখ হাসিনাকে বিকেলে গণ সংবর্ধনা দিচ্ছে যুব সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 04:58 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশের ‘সমুদ্র জয়ে’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভনেত্রী শেখ হাসিনাকে বিকেলে গণ সংবর্ধনা দিচ্ছে যুব সংগ্রাম পরিষদ। যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আযম জানান, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার বিকালে এই গণ সংবর্ধনাকে কেন্দ্র করে ইতোমধ্যে তাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। এই সম্বর্ধনা অনুষ্ঠানটির শৈল্পিক সৌন্দর্য এবং বিশালতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি দাবি করেন। সংর্বধনা অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তে বিশাল মঞ্চ তৈরী করা হয়েছে। গণসংগীত এবং দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে বেলা ১২টায় সংবর্ধনা অনুষ্ঠানের কাজ শুরু হবে। আমন্ত্রিত অতিথিরা দুপুর আড়াইটা থেকে আসা শুরু করবে বলে যুবলীগের পক্ষ থেকে বলা হয়েছে। প্রধানমন্ত্রী বিকাল আড়াইটায় অনুষ্ঠানস্থলে আসবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে আসার পর তাকে সম্মননা দেওয়া হবে। আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পর বিকাল পাঁচটার দিকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। যুব সংগ্রাম পরিষদে রয়েছে, যুব লীগ, যুবমৈত্রী, যুব মহিলা লীগ, যুব আন্দোলন এবং জাতীয় যুব ঐক্য। গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা চিহ্নিত করে রায় দেয় যাকে ‘সমুদ্র জয়’ বলে আখ্যায়িত করছে ক্ষমতাশীন দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১০৫১ ঘ.