২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরীয় নাগরিকের টাকা-ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৪

কোরিয়ান নাগরিকের বাসা থেকে চুরি হওয়া তিন লাখ ৪২ হাজার টাকা ও দুটি ল্যাপটপসহ চার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরিয়ান নাগরিকের বাসা থেকে চুরি হওয়া তিন লাখ ৪২ হাজার টাকা ও দুটি ল্যাপটপসহ চার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- নূর নবী বাবুল (২৫), মোহাম্মদ মিজান (১৮), খোকন কসাই (৩২) ও মোহাম্মদ ইউনুস। এদের প্রথম দুজন ওই কোরীয় নাগরিকের বাসায় কাজ করতেন। নূর নবী বাবুলের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়, মিজানের চাঁদপুরের কচুয়ায়, খোকন কসাই ও মো. ইউনুসের বাড়ি কুমিল্লার কোতোয়ালী থানায়। চট্টগ্রাম, চাঁদপুর ও কুমিল্লায় সোমবার সারাদিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর মঙ্গলবার সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। খুলশী থানার চার নম্বর রোডে ইম্পেরিয়াল হিলসে দক্ষিণ কোরিয়ার নাগরিক লিম্বো সিকের বাসায় গত ১১ ফেব্রুয়ারি এ চুরির ঘটনা ঘটে। নগরীর কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মালিকের অনুপস্থিতির সুযোগে বাসার তত্ত্বাবধায়ক নূর নবী বাবুল ও মিজান ঘরের আলমারি ভেঙে নগদ আট লাখ ৭৫ হাজার টাকা এবং দুইটি ল্যাপটপ চুরি করে পালিয়ে যায়। পরে চান্দগাঁও থানার বিসিক শিল্প নগরী থেকে বাবুলকে সোমবার চোরাই দুই লাখ টাকা ও একটি ল্যাপটপসহ গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে চাঁদপুর জেলার কচুয়া থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। মিজানের দেওয়া তথ্যে কুমিল্লা জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে খোকন কসাইকে গ্রেপ্তার ও একটি ল্যাপটপ উদ্ধার এবং ৯৮ হাজার টাকাসহ মো. ইউনুসকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২৩০৪ ঘ.