ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদে ভাষাণটেক পুনর্বাসন প্রকল্পের অংশীদার আবাসন প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রোপর্টি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রহিমকে এক দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সুনন্দ বাগচী জামিন আবেদন নাকচ করে এক দিনের হেফাজতের অনুমতি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চেয়েছিলেন।
গত সোমবার সকালে বিদেশ থেকে দেশে আসার পর দুপুরে তেজকুনি পাড়ার বাসা থেকে র্যাব আবদুর রহিমকে গ্রেপ্তার করে।
হেফাজতের পাঠানোর এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন।
তিনি জানান, রহিমের বিরুদ্ধে প্লট গ্রাহকদের সঙ্গে প্রতারনা, অতিরিক্ত টাকা আদায়, গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কাফরুল থানাতেই মামলা রয়েছে ৮টি। এ ছাড়া সাধারণ ডায়েরি রয়েছে ৪০ টির মতো।
মামলার নথিতে দেখা যায়, এ প্রকল্পের ফ্ল্যাট কেনার জন্য ১২১/৩, তেজকুনিপাড়ার মো. কামরুজ্জামান খান ২০০৬ সালের ২৭জুলাই চুক্তিপত্রের মাধ্যমে ৩ লাখ ৫৫ হাজার টাকা বিভিন্ন কিস্তিতে আবদুর রহিমকে পরিশোধ করেন।
কিন্তু পরে ২০০৮ সালের ১৭ মার্চে নর্থ সাউথ প্রোপার্টির পক্ষ থেকে আসামি রহিম আরো ১ লাখ ৬ হাজার ৯০ টাকা জোর করে আদায় করেন।
২০০৮ সালের ১৭ মার্চ কামরুজ্জামান কাফরুল থানায় এ মামলাটি দায়ের করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২২২৫ ঘ.
bdnews24