রাজশাহী, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হত্যা ও ডাকাতি দায়ে দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।
এছাড়া ছয়জনকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার এবং ১০ দণ্ডিতদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড হওয়া দু’জন হলেন আব্দুল মজিদ ও শামিউল ইসলাম। এদের মধ্যে শামিউল পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন মোমিনুল ইসলাম, শহীদুল ইসলাম, ইলিয়াস হোসেন, পলাশ আহসান, শাহীন শাহ ও রিকু। ১০ বছর দণ্ডিত হলেন সাফায়াত আলম।
রায় ঘোষণার সময় নয়জনকে আদালতে হাজির করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২ মার্চ রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডা. সুকুমার কুণ্ডু রায়ের বাড়িতে ডাকাতি হয়। মালামাল লুট করার সময় বাধা দিলে সুকুমারের স্ত্রী সুপ্রিয়া ভদ্রকে ছুরিকাঘাত করে হত্যা করে ডাকাতরা।
এ ঘটনায় সুকুমার কুণ্ডু রায় বাদি হয়ে পরদিন উল্লাপাড়া থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯১৪ ঘ.
bdnews24