কুড়িগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে খাদ্য কর্মকর্তার বাড়ি থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্তা একে আতœহত্যা বললেও বাবার দাবি, তার মেয়েকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের ভোকেশনাল মোড় সংলগ্ন কৃষ্ণপুর এলাকা থেকে সুমী (২০) নামের ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়।
সুমী ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়ালভীর গ্রামের শামছুল হকের মেয়ে। তিনি চারবছর ধরে চিলমারী উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস মণ্ডলের বাড়িতে কাজ করতেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার রাতে সুমী তার কক্ষে ঘুমাতে যায়। রাতে গৃহকর্তার মেয়ে কামরুন্নাহার কলি তার বাচ্চার দুধ গরম করতে উঠে ড্রইং রুমের জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে সুমীকে ঝুলতে দেখেন।
সুমির বাবা ভ্যানচালক শামছুল হক বলেন, “আমার মেয়ে আতœহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে।”
সুমীর বাবা অভিযোগ করেন, গৃহকর্তার ছেলে আব্দুল মামুন রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি), তিনি স্থানীয় পুলিশকে প্রভাবিত করছেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল ইসলাম বলেন, ময়না তদন্ত শেষে এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা বোঝা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২০ ঘ.
bdnews24