ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার ৪১ বছর পূর্তি উদযাপন শুরু হয়েছে।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার (তৎকালীন মহকুমা) বৈদ্যনাথ তলার আমবাগানে শপথ নিয়েছিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার, পরবর্তী সময়ে তা ‘মুজিবনগর সরকার’ হিসাবে পরিচিতি পায়। মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবেও ঘোষণা করা হয়।
মঙ্গলবার ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন এবং দেশের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনের কর্মসূচি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এরপর, সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সরকারপ্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ প্রধান হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা হাসিনা।
পরে আওয়ামী লীগ নেতারা বনানী কবরস্থানে তিন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা তিন জন এবং এএইচএম কামরুজ্জামানই ছিলেন মুজিবনগর সরকারের কেন্দ্রবিন্দু। কামরুজ্জামানের কবর রাজশাহীতে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মুজিবনগর দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।
মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্ব দরবারে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি, শরণার্থীদের সহায়তা, যুদ্ধবিধ্বস্ত জনগণের পাশে দাঁড়ানোসহ মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় নবগঠিত এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সরকারের যোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্রুত সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে যায়।
দেশের তরুণ প্রজš§কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্যও আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী তার বাণীতে ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরমুক্ত, অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার দিনভর বিভিন্ন অনুষ্ঠান ছাাড়ও আগামী ২৭ এপ্রিল বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঐতিহাসিক প্রেক্ষাপট
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। এ দিন ঘোষিত ঘোষণাপত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়।
ঘোষণাপত্রে সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
তাজউদ্দিন আহমেদকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদকে পররাষ্ট্রমন্ত্রী, মনসুর আলীকে অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব পান।
আর জেনারেল আতাউল গনি ওসমানি অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার নিযুক্ত হন।
১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন, যা আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। তাজউদ্দিনের ভাষণের মধ্যদিয়েই দেশ-বিদেশের মানুষ জানতে পারে বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে।
সেই সময় দেশের বিভিন্ন জেলা একের পর এক পাক সেনাদের দখলে চলে যাওয়ায় বিপ্লবী সরকার গঠনের জন্য সীমান্তের কাছাকাছি বৈদ্যনাথতলার আমবাগানকেই নিরাপদ স্থান হিসাবে বেছে নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে স্থানীয় বৈদ্যনাথ বাবুর সেই আমবাগানের নামকরণ করা হয় মুজিবনগর।
১৭ এপ্রিল সকালে সেই মুজিবনগরেই আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। পরের দিন সারা পৃথিবীর পত্র-পত্রিকা এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের খবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/১০৩৫ ঘ.
bdnews24