২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্ক টালি ও সায়মন ড্রিংয়ের সাক্ষাৎ

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত দুই বিদেশি সাংবাদিক মার্ক টালি ও সায়মন ড্রিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত দুই বিদেশি সাংবাদিক মার্ক টালি ও সায়মন ড্রিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তারা সোমবার বিকালে শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন। বিবিসি রেডিওতে তার পরিবেশিত খবর ছিল মানুষের মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস। ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ সংবাদদাতা সায়মন ড্রিং প্রথম ব্যক্তি যিনি বিশ্ববাসীর কাছে পাকিস্তানি বাহিনীর বাঙালি নিধনযজ্ঞের খবর প্রকাশ করেন। শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের বন্ধু এই দুই সাংবাদিকের সাক্ষাতের পর সাংবাদিকদের এ বিষয়ে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এই দুই সাংবাদিক। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মার্ক টালি ও সায়মন ড্রিংকে জানান, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি নাগরিকদের সম্মাননা জানানোর বিষয়টি অব্যাহত থাকবে। এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। ১৯৭৫-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর পরবর্তী সরকারগুলোর সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাক্ষাতের সময় আবুল কালাম আজাদ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০১৪ ঘ.