ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের হত্যামামলায় সাত মাস পর আবারো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান সোমবার এ মামলায় রাষ্ট্রপক্ষে ছয় জন তদন্ত কর্মকর্তার মধ্যে দ্বিতীয় তদন্ত কর্মকর্তা তৎকালীন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আখতারুজ্জামান ভূইয়ার আংশিক সাক্ষ্য নেন। মঙ্গলবার আবারো এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে।
গত বছরের ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষে ৫২তম সাক্ষী পুলিশ পরিদর্শক অন্যতম তদন্ত কর্মকর্তা আবু ইউনুফের সাক্ষ্য শেষ হয় এর আগে।
গত বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিনে রাষ্ট্রপক্ষে দুই জন সাক্ষী আদালতে হাজির হন। কিন্তু একজন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়ে যায়।
সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামান ভূইয়া জবানবন্দী দেওয়ার পর তাকে জেরা করেন মাওলানা আকবর হোসেনের পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং আরিফ হাসান সুমনের পক্ষে আমিুল গনী টিটো।
জবানবন্দিতে তিনি বলেন মাওলানা আকবর হোসেনসহ তিনি এ মামলার ১২ আসামিকে তদন্তের সময় গ্রেপ্তার করেন। আর তদন্ত প্রতিবেদনে অব্যাহতির সুপারিশ করেন ১১ জনকে।
আরিফ হাসান সুমনের আইনজীবীর জেরার উত্তরে এ সাক্ষী আদালতে বলেন, তিনি তার তদন্তকালে বোমা বিষ্ফোরণে নিহত নয়টি লাশের মধ্যে আটটি লাশেরই নাম, ঠিকানা ,পরিচয় উদঘাটন করেননি।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হন আরো অনেকে। ওই দিনই রমনা থানায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন।
ছয় জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ঘুরে ২০০৮ সালের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন।
আসামিদের মধ্যে আট জন কারাগারে ও এক জন জামিনে রয়েছেন। বাকি পাঁচ আসামি পলাতক।
কারাগারে রয়েছেন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা সাব্বির, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ,মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ,হাফেজ মাওলানা ইয়াহিয়া। জামিনে রয়েছেন মাওলানা আকবর হোসেন।
পলাতক পাঁচ আসামি হলেন- মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান, ও মুফতি আবদুল হাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯২৩ ঘ.
bdnews24