২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মন্ত্রিসভার ৯১ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সোয়া তিন বছরে মন্ত্রিসভায় নেওয়া ৯৮৭টি সিদ্ধান্তের মধ্যে ৮৯৭টি বাস্তবায়ন হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সোয়া তিন বছরে মন্ত্রিসভায় নেওয়া ৯৮৭টি সিদ্ধান্তের মধ্যে ৮৯৭টি বাস্তবায়ন হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা ওই প্রতিবেদন তুলে ধরেন। সকাল ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার ১৪৫টি বৈঠক হয়েছে। এতে গৃহীত ৯৮৭টি সিদ্ধান্তের মধ্যে ৮৯৭টি বাস্তবায়ন হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯১ শতাংশ। মন্ত্রিসভায় গৃহীত ৯০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।” মোশাররাফ জানান, সোয়া তিন বছরে ১৬৮টি আইন মন্ত্রিসভার অনুমোদন পেয়ে সংসদে পাস হয়েছে এবং আইনে পরিণত হয়েছে ১০টি অধ্যাদেশ। ৩২টি আইন প্রক্রিয়াধীন থাকার কথাও জানান সচিব। তিনি বলেন, “এরমধ্যে ১৩টি মন্ত্রিসভায় বৈঠকে অনুমোদনের পর জাতীয় সংসদের বিবেচনাধীন রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে ৮টি এবং ১১টি আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর চূড়ান্তের অপেক্ষায় রয়েছে।” এর বাইরে ৩১টি নীতি বা কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অনুমোদন পেয়েছে। আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা স্মারক হয়েছে ৮২টি। দুই সরকারের তুলনা বৈঠকে বর্তমান সরকার ও বিগত সরকারের প্রথম সোয়া তিন বছরের কার্যক্রমের তুলনামূলক চিত্র উপস্থাপন করে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার প্রথম সোয়া তিন বছরে (২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০৫ সালের ৩ জানুয়ারি) ১৪২টি মন্ত্রিসভার বৈঠকে ৫২৩টি সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে বাস্তবায়ন হয়েছিলো ৩৪৩টি। এ হিসেবে বাস্তবায়নের হার ৬৫ দশমিক ৫ শতাংশ। সচিব জানান, বিগত সরকারের একই সময়ে ১১ নীতি বা কর্মকৌশল, ৩৪টি সমঝোতা স্মারক সাক্ষর এবং ১০৯টি আইন সংসদে পাস হয়েছিলো। সীমান্ত হাট পরিচালনায় সংশোধন এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে স্থাপিত বর্ডার হাটের পরিচালনা পদ্ধতিতে কয়েকটি সংশোধন আনার তথ্য জানান মোশাররাফ। ২০১০ সালের ২৩ অক্টোবর বর্ডার হাট নিয়ে বাংলাদেশ-ভারত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ২০১১ সালের ২৩ জুলাই কুড়িগ্রাম জেলায় এই হাট চালু হয়। সচিব বলেন, বর্ডার হাটে যেসব জিনিস কেনাবেচা হয় তাকে ‘লোকালি প্রডিউস প্রোডাক্ট’ বলা হতো। সংশোধনের পরে এখন থেকে বলা হবে ‘প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া’। আগে এই হাটে একেকজন সর্বোচ্চ ৫০ ডলার মূল্যমানের কেনাবেচা করতে পারতেন। এখন থেকে ১০০ ডলার মূল্যমানের কেনাবেচা করা যাবে বলে বাজার পরিচালন পদ্ধতিতে সংশোধন আনা হয়েছে বলে জানান মোশাররাফ। সংশোধন অনুযায়ী, আগের নির্ধারিত পণ্যের সঙ্গে প্লাস্টিক, প্রসাধনী, তৈজসপত্র, অ্যালুমিনিয়াম এবং টয়লেট্রিজ সামগ্রি এই বাজারে কেনাবেচা করা যাবে। গত ১ থেকে ৫ মার্চ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের অস্ট্রেলিয়া সফরের বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/এমআই/১৬১৬ ঘ.