২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত হওয়ার তিনদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত হওয়ার তিনদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর ফারুক হোসেনের (২৫) লাশ হস্তান্তর করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাহাঙ্গীর হোসেন জানান, সকাল পৌনে ১১টায় শিংনগর সীমান্তের মেইন পিলার ১৭১ এর কাছে দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ’র ১২৫ মালদহ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট সঞ্জীব সিং এবং বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আবু নাঈম বৈঠকে উপস্থিত ছিলেন। কর্ণেল জাহাঙ্গীর জানান, লাশ পাওয়ার পরপরই তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মেজর আবু নাঈম জানান, শনিবার ভোরে ফারুকসহ কয়েকজন চৌকা সীমান্তের ১৭৫ মেইন পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলো। এসময় বিএসএফ’র শবদেলপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুঁড়লে ফারুক ঘটনাস্থলেই নিহত হন। অন্যরা পালিয়ে যায়। ফারুকের লাশ চেয়ে বিএসএফকে ওই দিনই বিজিবি চিঠি দিয়েছিলো বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫৪ ঘ.