ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে তাৎক্ষণিক বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বদলি করা হয়েছে মিটফোর্ড হাসপাতালে উপ-পরিচালককেও।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মনজুর হোসেনের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু আজহারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একই কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয়। আর উপাধ্যক্ষ শামীউল ইসলাম সাদীকে বক্ষ্যব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি ও মাইক্রোবায়োলজির অধ্যাপক হিসেবে বদলি করা হয়।
মিটফোর্ড হাসাপাতালের উপ-পরিচালক আবুল হাসেম খানকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে বদলি করা হয়।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে একই কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক দিলীপ কুমার ধরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এই প্রতিষ্ঠানের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এ জেড এম সাখাওয়াৎ হোসেন।
তবে প্রজ্ঞাপনে উপ-পরিচালকে পদে কাউকে নিয়োগের কথা বলা হয়নি।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, আদেশ পাওয়া সব কর্মকর্তা আগামী ১৮ এপ্রিল তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৪০০ ঘ.
bdnews24