ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশকে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসাবে গ্রহণের বিষয়ে ফেনীর আইনজীবীদের কথিত ‘নিন্দা ও প্রতিবাদ’ প্রকাশ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রর্থনা করেছে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম কর্তৃপক্ষ।
পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নিতে বলা হবে কি না- ২৬ এপ্রিল তা জানাবে ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার আদেশের এই দিন ঠিক করেন।
‘পুলিশকে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসাবে গ্রহণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনীর আইনজীবীগণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল ট্রাইব্যুনাল দৈনিক সংগ্রামের প্রকাশক, সম্পাদক, প্রতিবেদক ও সংশ্লিষ্ট আইনজীবীদের তলব করে।
ওই আদেশে সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, সংগ্রামের ফেনী প্রতিনিধি এ কে এম আব্দুর রহিম এবং ফেনী বার অ্যাসোসিয়েশনের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন ট্রাইব্যুনালে হাজির হন।
জয়নাল আবেদীন দাবি করেন, ফেনী বারের কেউ ওই ধরনের কোনো বিবৃতি দেননি। সংগ্রামের ফেনী প্রতিনিধি রহিমও ওই ধরনের কোনো প্রতিবেদন ই-মেইলে পাঠাননি। তবে তার ই-মেইল ঠিকানা থেকে ফেনীর আইনজীবীদের নামে একটি বিবৃতি সংগ্রাম কার্যালয়ে আসায় ‘ভুলক্রমে’ ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশন ৪৬ জনের তদন্তকালীন জবানবন্দি সাক্ষ্য হিসেবে নথিভুক্ত করার আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৯ মার্চ ১৫ জনের ক্ষেত্রে ওই আবেদন গ্রহণ করে।
এ প্রসঙ্গে দৈনিক সংগ্রামের তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত এক খবরে বলা হয়, “পুলিশের কাছে দেওয়া মিথ্যা ও বানোয়াট বক্তব্যকে সাক্ষ্য হিসাবে গ্রহণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলার বিশিষ্ট আইনজীবীগণ।
“এক বিবৃতিতে আইনজীবীগণ বলেন, সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষীকে আদালতে এসেই সাক্ষ্য দিতে হবে। আদালতে এসে না বলা পর্যন্ত কোনো বক্তব্যই সাক্ষ্য হিসাবে বিবেচিতত হবে না।....এই ধরনের বক্তব্য সাক্ষ্র হিসাবে গ্রহণের মাধ্যমে প্রমাণিত হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল একটি দলীয় ট্রাইব্যুনাল।”
প্রতিবেদনের বক্তব্যের দিকে ইংগিত করে ট্রাইব্যুনাল সংগ্রাম সম্পাদককে প্রশ্ন করেন- ‘ভুল করে’ এই ভাষায় একটি প্রতিবেদন প্রকাশ তিনি কীভাবে অনুমোদন করলেন।
এ পর্যায়ে সংগ্রাম সম্পাদকের পক্ষে জয়নাল আবেদীন ট্রাইব্যুনালকে বলেন, “আমরা আত্মপক্ষ সমর্থন করতে আসিনি। আমরা এই ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।
শুনানি শেষে বিচারক এ বিষয়ে আদেশের জন্য ২৬ এপ্রিল দিন রাখেন।
ফেনীর যে ১২ আইনজীবীকে তলব করা হয় তারা হলেন- অ্যাডভোকেট সফিউল আলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট আশরাফুল হক ভূঁঞা, অ্যাডভোকেট মাঈনউদ্দিন, অ্যাডভোকেট মোতাছাম বিল্লাহ, অ্যাডভোকেট গোলাম সরোয়ার, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টো, অ্যাডভোকেট এমদাদুল হক, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ও অ্যাডভোকেট মো. হাসান।
এর আগে ‘অবমাননাকর’ একটি প্রতিবেদনের জন্য ইংরেজি দৈনিক নিউ এইজের প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদককেও তলব করেছিল ট্রাইব্যুনাল। ওই প্রতিবেদনের মাধ্যমে ‘আদালত অবমাননা’ হলেও ‘অতীত ইতিহাস’ বিবেচনা করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না বলে উল্লেখ করা হয় ট্রাইব্যুনালের আদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩২০ ঘ.
bdnews24