মুন্সীগঞ্জ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদরের দায়াল বাজারে রোববার রাতে একটি কারেন্ট জাল কারখানায় বিস্ফোরণে ছয়জন আহত হয়েছে।
এদের মধ্যে আনোয়ার হোসেন (৪০), মরিয়ম বেগম (৪০), সাবিনা আক্তার (১৭) ও চায়না বেগমকে (২৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম জানা যায়নি। এরা সবাই কারখানার শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মো. আবুল বাশার এই তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টায় আরব আলীর মালিকানাধীন সালমা ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজে এই বিস্ফোরণ ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী বেশি ক্ষমতাসম্পন্ন আইপিএস’র ব্যাটারি বিস্ফোরণের পর পাশে থাকা জেনারেটরে বিস্ফোরণ হয়। এতে কারখানার দেওয়াল ভেঙ্গে যায়। আহতদের শরীর জলসে গেছে।
বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.
bdnews24