ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের অন্যতম বিচারক ওয়াসিম শেখ এ আদেশ দেন।
গত ৫ এপ্রিল এ মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মীর শাহীন শাহ পারভেজ।
গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের আদেশ যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে তারা হলেন- মো. রাশেদুল ইসলাম রাজু (দর্শন বিভাগ), খান মো. রইছ (প্রাণিবিদ্যা বিভাগ), ইসতিয়াক মেহবুব অরূপ (দর্শন বিভাগ), মাজহারুল ইসলাম (ইতিহাস বিভাগ), কামরুজ্জামান সোহাগ (দর্শন বিভাগ), মো. নাজমুল হুসেইন প্লাবন (লোক প্রশাসন বিভাগ), শফিউল আলম সেতু (পরিসংখ্যান বিভাগ), অভিনন্দন কুণ্ডু অভি (পরিসংখ্যান বিভাগ) ও মো. মাহমুদুল হাসান মাসুদ (ইতিহাস বিভাগ)।
এ ছাড়া অভিযোগপত্রে অভিযুক্ত নাজমুস সাকিব তপু (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), জাাহিদ হাসান (প্রাণিবিদ্যা বিভাগ), আশিকুল ইসলাম আশিক (প্রাণিবিদ্যা) ও মাহবুব আকরাম (সরকার ও রাজনীতি বিভাগ) করাগারে রয়েছেন।
হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের আদেশের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
গত ৮ জানুয়ারি ছাত্রলীগকর্মীদের মারধরের শিকার হন একই সংগঠনেরই সাবেক কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১৪৩ ঘ.
bdnews24