২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধান শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা’

টয়লেট নির্মাণ নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৃহস্পতিবার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

লালমনিরহাট, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টয়লেট নির্মাণ নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৃহস্পতিবার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ হামলার প্রতিবাদে দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ, মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ করেছেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এ টি এম সহিদুল মণ্ডলের বাড়ি যাওয়ার জন্য তাদের বিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জায়গা ছেড়ে দিয়েছিল। কিন্তু শিক্ষক-শিক্ষার্থী এবং পাশের জাওরানী বাজারের মানুষের সুবিধার্থে স¤প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ একটি টয়লেট নির্মাণ শুরু করে। এতে ছাত্রলীগ নেতা এ টি এম সহিদুল ইসলাম মণ্ডল ও তার পরিবারের লোকজন বাধা দেন। তারা টয়লেটটি তাদের বাড়ি যাওয়ার রাস্তার পাশে হওয়ায় আরেকেটু সরিয়ে নিতে বলেন। এই নিয়ে বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় পূর্ব নির্ধারিত স্থানেই টয়লেট নির্মাণের সিদ্ধান্ত বহাল রাখা হয়। হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন বলেন, সভা শেষে বাড়ি ফেরার পথে প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে রড ও কাঠ দিয়ে বেধড়ক পেটান সহিদুল ও তার লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরো বলেন, ঘটনার রাতেই শিক্ষক আব্দুস সাত্তার থানায় সহিদুলসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সহিদুলের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তার বাবা জাহেদ মণ্ডল শিক্ষক আব্দুস সাত্তারকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “নির্মাণাধীন টয়লেটটি সরিয়ে নির্মাণ করতে বলায় আমাদের বিরুদ্ধে এ অভিযোগ করা হচ্ছে।” এদিকে, হাতীবান্ধা উপজেলা সদরে রোববার উপজেলা শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যাণ সমিতির এক যৌথ বৈঠকে এ ঘটনার নিন্দা জানানো হয়েছে। মামলা হওয়ার পরও দোষীদের গ্রেপ্তার না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বলেন, “ক্ষমতার জোরে একজন সিনিয়র শিক্ষককে ছাত্রলীগ নেতা ও তার লোকজন বেধড়ক পিটিয়েছে। এর বিচার না হলে আমরা ক্লাস বর্জন করে কঠোর আন্দোলনে যাব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১২ ঘ.