ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি দাবি করে বিশ্ব ব্যাংক প্রধান রবার্ট জেলিককে একটি চিঠি দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, যাতে আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।
বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আবুল হোসেন স¤প্রতি চীনে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ায় (বিএফএ) সম্মেলনের ফাঁকে বিশ্ব ব্যাংক প্রধানের সঙ্গে দেখা করেন।
মন্ত্রী জানান, ৩ এপ্রিল তার সঙ্গে জেলিকের দেখা হয়।
চিঠিতে সাবেক যোগাযোগমন্ত্রী দাবি করেন, তার আমলে পদ্মা সেতু প্রকল্পে সব কাজ হয়েছে দেশের প্রচলিত আইন ও বিশ্বব্যাংকের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী। প্রকল্পের শুরু থেকে দরদাতা চূড়ান্ত করা পর্যন্ত সব কাজ বিশ্ব ব্যাংকের অনুমোদন নিয়ে করা হয়েছে।
শেষ মুহূর্তে বিশ্বব্যাংকের এ ইস্যুতে প্রশ্ন তোলাটা তাই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তিনি।
মন্ত্রীর দাবি, নথিপত্র ঘাঁটলে জেলিকও দেখতে পারবেন, এ ক্ষেত্রে সততা বা স্বচ্ছতার কোনো বিচ্যুতি হয়নি।
চিঠিতে নিজেকে কাজের ক্ষেত্রে স্বচ্ছ ও সৎ দাবি করেন মন্ত্রী। কিন্তু এর পরও তার বিরুদ্ধে বিশ্বব্যাংক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছে বলে তিনি চিঠিতে বলেছেন।
“কিছু ব্যর্থ দরদাতার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলায় আমি অবাক হয়েছি।”
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে এর আগে বিশ্ব ব্যাংকসহ কয়েকটি ঋণদাতা সংস্থার সঙ্গে চুক্তি করে সরকার। কিন্তু দুর্নীতির অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করলে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্প আটকে যায়। কানাডায় এ ব্যাপারে তদন্ত চলছে।
চুক্তি অনুযায়ী, ২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বাকি অর্থের যোগান দেওয়ার কথা ছিল সরকারের।
এ অবস্থায় গত ফেব্রুয়ারিতে এ প্রকল্পে আগ্রহ প্রকাশ করে মালয়শিয়া। গত মঙ্গলবার পদ্মা সেতু নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের জন্য মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলেছে উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, শেষ মুহুর্তে সত্যের জয় হবে, এবং মিথ্যা চিরতরে বিদায় নেবে।
“আমার সততা, আমার বিশ্বস্ততা, আমার স্বচ্ছতা, ন্যায়পরায়নতা ও নম্রতার জয় হবে এবং বিশ্বব্যাংক বাস্তবতা বুঝতে পেরে তার অবস্থান থেকে সরে দাঁড়াবে।”
“পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ বাংলাদেশের সরকারের ভাবমূর্তি ও সুশাসনের জন্য ক্ষতিকরতো বটেই সারা জীবন ধরে অর্জিত আমার ব্যক্তিগত সততা ও ভাবমূর্তির জন্যও ক্ষতিকর”, যোগ করেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে অর্থায়ন স্থগিত করার প্রেক্ষাপটে সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে ওবায়দুর কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিশ্ব ব্যাংকের প্রধান হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই পদ্মা সেতু নির্মাণ ইস্যুতে বাংলাদেশ ও নিজের ওপর থেকে ‘ভিত্তিহীন’ অভিযোগের ব্যাপারে সংশোধনমূলক ব্যবস্থা নিতে রবার্ট জেলিকের প্রতি আহ্বান জানান আবুল হোসেন।
সম্মেলন শেষে চীন থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব ব্যাংকের প্রধানকে লেখা এ চিঠি সম্পর্কে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৯৩৮ ঘ.
bdnews24