ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেল অর্থবছরে প্রধান বিরোধীদল বিএনপি মোট ব্যয় করেছে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। আয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
রোববার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে জমা দেওয়া ২০১০-১১ অর্থবছরে বিএনপির আয়-ব্যয়ের হিসেব বিবরণীতে (আয়কর রিটার্ন) এ হিসেব উল্লেখ করা হয়।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান মগবাজারের রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১৫ এর ৩১৩ নং সার্কেলের সহকারী কর কমিশনার শামীমা আখতারের কাছে রিটার্ন জমা দেন।
পরে তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার পর থেকেই প্রতিবছর আয়কর রিটার্ন দাখিল করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়-ব্যয়ের হিসাব দাখিল করা হয়েছে।”
রিটার্নে বলা হয়েছে, ২০১০-১১ অর্থ বছরে বিএনপির ব্যয় হয়েছে ১ কোটি ১০ লাখ ১৮ হাজার ২১৪ টাকা। আয় দেখানো হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৭৭৬ টাকা।
আয়কর রিটার্নে নিট প্রাপ্তি দেখানো হয়েছে ১ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা।
২০০৯-১০ অর্থবছরে বিএনপির নিট সম্পদ ৬ কোটি ৯১ লাখ ২২ হাজার ৪০৪ টাকা দেখানো হলেও ২০১০-১১ অর্থবছরে নিট সম্পদ দেখানো হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৫৮ হাজার ৩৮৯ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৫৩৮ ঘ.
bdnews24