সাতক্ষীরা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে শ্যামনগর উপজেলা সদরে বাড়ি থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তিনি জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য।
নজরুলকে গ্রেপ্তারের আগে বিকালে উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াতের সম্পাদক আব্দুল আজিজের মানিকখালীর বাড়ি থেকে ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
শ্যামনগর থানার ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, জামায়াতের বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মিলিত হয়েছে বলে খবর পাওয়ার পর মানিকখালী গ্রামে অভিযান চালানো হয়।
সেখান থেকে ২৬ জনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে ‘নাশকতার পরিকল্পনায় জড়িত’ থাকার সন্দেহে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
গ্রেপ্তার সবার বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগ এনে শ্যামনগর থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান বাদি হয়ে একটি মামলা করেছেন। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন- শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ওয়াহেদুজ্জামান, দলের নেতা ইস্রাফিল কয়াল, হাফিজুর রহমান, আব্দুল আজিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৬ ঘ.
bdnews24