ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ আইনি ধাপ মানা হয়নি অভিযোগ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আর না এগোনোর নির্দেশ চেয়ে আদালতে একটি আবেদন হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার রিট আবেদনটি করেন।
রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে ওই আবেদনের প্রাথমিক শুনানি হয়। সোমবার পুনরায় শুনানি হবে।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মধ্যে এই রিট আবেদন হল। তফসিল অনুযায়ী দুই সিটি কর্পোরেশনে ভোট হবে ২৪ মে।
মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনের ধাপগুলো বাস্তবায়ন না করায় তিনি নির্বাচন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম স্থগিতের নির্দেশ চেয়ে আবেদন করেছেন।
এছাড়া আইন বাস্তবায়ন করে কেন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ ইসিকে দেওয়া হবে না- এই রুল চেয়েছেন তিনি।
নির্বাচন স্থগিতে গত বৃহস্পতিবার ইসিকে উকিল নোটিস পাঠিয়েছিলেন মনজিল মোরসেদ। তারপরই রিট আবেদন করলেন।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের তিনটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত চায় হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ২৭ ধারায় আছে, নতুন কোনো সিটি কর্পোরেশন হলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা সুনির্দিষ্ট ওয়ার্ডের বিষয়ে সুপারিশ করতে হবে এবং কর্পোরেশনকে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করতে হবে। এই ওয়ার্ডের সংখ্যা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে।
ওই আইনের ২৮ ধারায় বলা হয়েছে, সরকারী কর্মচারীদের থেকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। সীমানা নিধারণের জন্য কর্মকর্তা নিয়োগ করে গেজেট প্রকাশ করতে হবে।
ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নবগঠিত হওয়ায় ওয়ার্ডের বিভাগ ও সংখ্যা নির্ধারণ, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন-২০০৯’র ২৭ ও ২৮ ধারা বাস্তবায়ন না করে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই বলে রিট আবেদনকারীর যুক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮০৫ ঘ.
bdnews24