২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা নিয়ে বিভিন্ন রকম কথা ইউসুফ মৃধার

মন্ত্রীর এপিএসের গাড়িতে পাওয়া টাকার বিষয়ে একেক প্রশ্নে একেক রকম উত্তর দিলেন ওই গাড়িতে থাকা রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীর এপিএসের গাড়িতে পাওয়া টাকার বিষয়ে একেক প্রশ্নে একেক রকম উত্তর দিলেন ওই গাড়িতে থাকা রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। অর্থ কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সঙ্গে রোববার রেলভবনে দেখা করেন। এরপরই সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন তিনি। তদন্ত কমিটির কাছে লিখিত একটি বক্তব্য দিয়েছেন গত সোমবার রাতে টাকা পাওয়ার সময় এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে থাকা ইউসুফ মৃধা। তদন্ত কমিটির সঙ্গে দেখা করার কয়েক ঘণ্টার মধ্যে ইউসুফ মৃধাকে সাময়িকভাবে বরখাস্তের কথা জানান রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্তও হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইউসুফ মৃধা প্রথমে বলেন, গাড়িতে টাকা ছিল কি না, তা তিনি জানেন না। আরেক প্রশ্নের জবাবে আবার তিনিই বলেন, গাড়িতে কী পরিমাণ টাকা ছিল, তা তার জানা নেই। পরক্ষণেই তিনি আবার বলেন, “এপিএস ওমর ফারুক তো স্বীকারই করছে যে টাকা তার।” বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এক্ষেত্রে এপিএস ওমর ফারুকের দেওয়া বক্তব্য উদ্ধৃত করেন ইউসুফ। গাড়িতে কার টাকা ছিল- প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওই টাকা যে ফারুকের, তা তিনিই তো বলেছেন।” সোমবার রাতে কোথায় যাচ্ছিলেন- জানতে চাইলে তিনি বলেন, “ফারুক তো বলেছেনই, আমরা মন্ত্রীর বাসায় যাচ্ছিলাম।” এপিএসের গাড়িতে কোথা থেকে উঠলেন- জানতে চাইলে ইউসুফ বলেন, “রাস্তা থেকে আমাকে উঠিয়ে নেন তারা।” সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে গাড়ি আটকের সময় ওমর ফারুকের সঙ্গে ঢাকা জিআরপির কমান্ডেন্ট এনামুল হকও ছিলেন। তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইউসুফের বিরুদ্ধে রেল কর্মচারীরা নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ করে এলেও তা প্রত্যাখ্যান করেন তিনি। অভিযোগ রয়েছে, তিনি শনিবার এই টাকা চট্টগ্রাম থেকে নিয়ে এসেছিলেন। এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তা নাকচ করেন ইউসুফ। তিনি জানান, ট্রেনে তার সঙ্গে প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক ছাড়া আর কেউ ছিল না। দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “দুর্নীতি ও অবৈধ সম্পদের প্রমাণ থাকলে উপস্থাপন করুন।” এর আগে তদন্ত কমিটির প্রধান রেলের মহাপরিচালক আবু তাহের এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব শশী কুমার সিংহের সঙ্গে দেখা করেন ইউসুফ মৃধা। তাকে আসতে বলেছিল তদন্ত কমিটি। আবু তাহেরের নেতৃত্বে গঠিত এই কমিটিতে শশী কুমার সদস্য হিসেবে রয়েছেন। আবু তাহের সাংবাদিকদের বলেন, “আমরা তদন্ত কমিটি আজই কাজ শুরু করলাম। ইউসুফ মৃধা একটি লিখিত জবানবন্দি দিয়েছে। তা দেখার পর তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১৬৩০ ঘ.