ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার শাখারী বাজারে এক দোকানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে চার জন আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আক্কাস হোসেন (২৫), জহির (৩২), খোকন (৩০) ও অজ্ঞাত পরিচয়ের এক যুবক।
আহতদের প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
মিটফোর্ডের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
অগ্নি নির্বপাণ বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেখানে বিস্ফোরণ ঘটে, তা ছিল একটি সেলুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০১৬ ঘ.
bdnews24