ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার বিকালে ৫৯ নম্বর এলিফ্যান্ট রোডের চতুর্থতলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে ফারিয়া চৌধুরী (১৬) নামে ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।
ফারিয়ার বাবা ফিরোজ মাহমুদ কিরণ সাংবাদিকদের জানান, দুপুর ১২ টায় ফারিয়া বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে ২টার দিকে আবার ফিরে আসে। এরপর নিজ কক্ষের দরজা বন্ধ করে ভেতরে ছিল সে।
দীর্ঘক্ষণ দরজা না খোলায় বিকাল ৫টার দিকে ফারিয়াকে ডেকেও কোনো সাড়া পায়নি পরিবারের সদস্যরা। এরপর দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায় বলে ফিরোজ জানান।
ফারিয়াকে দ্রুত নামিয়ে সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন তার বাবা। তবে চিকিৎসক জানান, ফারিয়ার মৃত্যু হয়েছে।
আত্মহত্যার কারণ কিংবা ফারিয়া বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন, তা ফিরোজ জানাতে পারেননি।
নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রেমঘটিত কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তার ধারণা।
ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে বলে ওসি জানান।
এক ভাই, এক বোনের মধ্যে ফারিয়া ছিলেন বড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২২৬ ঘ.
bdnews24