সালাউদ্দিন ওয়াহিদ প্রীতম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা বর্ষবরণ উৎসবে বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি শামিল ছিলেন বিদেশিরাও।
নববর্ষ উদযাপনে কেন্দ্রস্থল হিসাবে পরিচিতি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূল আর সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণের উৎসবে ভিনদেশিদের চোখেমুখে ছিল মুগ্ধতার আবেশ।
কমনওয়েলথ ইন্টারন্যাশনালের শিক্ষা বিষেশজ্ঞ এরিক গুডস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারদিকে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এটা খুবই চমৎকার।”
“আমি এদেশের নাগরিক না হলেও এই উৎসব আজ আমাকে একাত্ম করে নিয়েছে,” চারুকলা অনুষদের সামনে মঙ্গল শোভযাত্রা দেখে বলেন গুডস।
পর্যটক হিসেবে প্রথম বাংলাদেশে আসা নেদারল্যান্ডসের নাগরিক ইয়োহোমা গ্রিয়ারসন বলেন, “আমার মনে হচ্ছে, আজ আমি নিজের দেশেই আছি। আমাদের দেশে আমরা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কুইন্স ডে পালন করি। সেদিন এভাবে আমরা সবাই রঙিন কাপড় পরে বের হই, আনন্দ করি।”
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বেলজিয়ামের নাগরিক গিয়োম রস এবং পিয়েরে মার্টিন। গত একবছর ধরে বাংলাদেশে আছেন তারা। আজকের দিনের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তারা দুজনেই একসঙ্গে বলেন, দারুন! আমরা পুরো আয়োজন খুব ভালোভাবে উপভোগ করেছি।
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে তিন সপ্তাহ আগে বাংলাদেশে আসা আর্জেন্টাইন দম্পতি দিয়াগো আগুস্তো ও উরসুলা আগুস্তো বলেন, চার দিকে এত রঙের সমাহারে তাদের খুব ভাল লাগছে।
“আমার সবচেয়ে চমৎকার লেগেছে কম্পোজিশনগুলো। আমি জানতাম না এখানে এত সুন্দর আর্ট-ওয়ার্ক আর রঙের কাজ হয়,” বলেন একটি বেসরকারি সংস্থার প্রকল্প উপদেষ্টা হিসেবে চার মাস ধরে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ বব ম্যাকিনটশ।
তার মতে, এদেশের লোকজ ঐতিহ্য সত্যিই সমৃদ্ধ।
যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রেবেকা পার্টেন এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লোয়েন হার্টসের কাছে অনুভূতি জানতে চাইলে দুজনই বাংলায় ‘শুভ নববর্ষ’ বলে চমকে দেন।
রেবেকা বলেন, “প্রথমবার বাংলাদেশে এসেছি। এসেই মনে হয়েছে, এদেশের মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। আজ এই পরিবেশে সবাইকে আনন্দ করতে দেখে দারুণ লাগছে।”
তিন বছর ধরে ঢাকায় অবস্থানকারী জাপানি দূতাবাসের কর্মকর্তা তাইকো মিৎসুহাসি বর্ষবরণের এই উৎসব ভালো লাগার কথা জানিয়ে বলেন, তিনি প্রতিবছরই পহেলা বৈশাখে বাঙালির আনন্দে শামিল হচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসএন/এমআই/১৮৫২ ঘ.
bdnews24