২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্গীর খাবারে ১২ মুসল্লি অচেতন, মালামাল উধাও

বাগেরহাটের রামপাল উপজেলায় তাবলিগ জামাতে আসা ১২ মুসল্লি সঙ্গীর খাবার খেয়ে অচেতন হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

বাগেরহাট, এপ্রিল ১৪ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলায় তাবলিগ জামাতে আসা ১২ মুসল্লি সঙ্গীর খাবার খেয়ে অচেতন হয়ে পড়েছেন। পরে ওই সঙ্গী টাকা ও মালামাল নিয়ে পালান বলে পুলিশ জানিয়েছে। বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর জামে মসজিদে শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। শনিবার দুপুরে অচেতন ব্যক্তিদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানার ওসি এস এম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার কাকরাইল মসজিদ থেকে দেশের বিভিন্ন জেলার ১৩ জনের একটি তাবলিগ মুসল্লির দল গত ৫ এপ্রিল দুর্গাপুর জামে মসজিদে আসে। তারা ওই মসজিদে অবস্থান করছিলেন। শুক্রবার বিকালে তাদের এক মুসল্লি নাটোরের ইয়াছিন (৩৭) স্থানীয় গিলাতলা বাজার থেকে মিষ্টি, আপেল ও ট্যাং জুস কেনেন। অসুস্থদের বরাত দিয়ে ওসি আরো বলেন, রাতের খাবারের পর ইয়াছিন অপর সঙ্গীদের সবাইকে মিষ্টি, আপেল ও জুস খাওয়ান। তারা সবাই ঘুমিয়ে পড়লে ইয়াছিন তাদের টাকা ও মোবাইলফোন সেট নিয়ে পালিয়ে যান। তবে কয়টি মোবাইল ফোন সেট এবং কত টাকা নিয়ে গেছে তিনি বলতে পারেনি। এদিকে ইয়াছিন সন্ধ্যায় দুর্গাপুর গ্রামের আল আমিন নামে এক নছিমন চালককে ভাড়া করেন ভোরে বাগেরহাট যাওয়ার জন্য। তাকে বলেন ভোরে তার সঙ্গীরা মসজিদ থেকে চলে যাবেন। নছিমন চালক আল আমিন বলেন, শুক্রবার সন্ধ্যায় ইয়াছিন তাকে ভাড়া করেন ভোররাতে বাগেরহাট এগিয়ে দেওয়ার জন্য। কিন্তু ভোররাতে ইয়াছিন একা কেন জানতে চাইলে বলেন তার শ্বশুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে একাই আগে যেতে হচ্ছে। “আমি তাকে বাগেরহাট বাসস্ট্যান্ডে পৌঁছে দিয়ে ফেরার পথে সে এই ঘটনা ঘটিয়েছে জানতে পারি,” বলেন আল আমিন। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর গ্রামের তবিবুল্লার ছেলে ইসমাঈল (৪৮), নাজিরপুরের কাশেমের ছেলে ফজলুল ইসলাম (২৮), হাজিপুরের মফিউল্লার ছেলে নজরুল (২২), শেরপুরের বনগাঁও এলাকার আহমাদ কালামের ছেলে ইদ্রিস আলী (২২), নবীনগরের মোহম্মদ আলীর ছেলে আহম্মদ (৬০), নাটোরের বুড়িবাগের আব্দুস সামাদের ছেলে রায়হান (১৭), তেগাছির লোকমানের ছেলে শিবলী (১৭), নাটোরের সিংড়ার বড়বারেহাটির রুস্তম আলীর ছেলে সৌরভ (২২), আহম্মদপুরের জাহিদ সরকারের ছেলে শাকিল সরকার (১৭), ঢাকার মাদারটেকের সালামের ছেলে আল আমিন (১৮), ভাঙ্গলবাড়ির মফিজ উদ্দিনের ছেলে রফিক (৭০) এবং কুমিল্লার লাঙ্গলকোট দামুড়পাড় সোন্দাইলের তোরাব আলীর ছেলে লোকমান (৬০)। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মুসফিখার শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিকিৎসাধীন লোকমানের অবস্থা আশংকাজনক। বাকিরা শংকামুক্ত। খাবারের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন চিকিৎসক। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.